
ইউক্রেনের কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া তিমাশেঙ্কোকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার লক্ষ্যে একটি বিলের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। গতকাল মঙ্গলবারই পার্লামেন্টে বিলটির ওপর আলোচনা হওয়ার কথা থাকলেও তা দুইদিনের জন্য স্থগিত করা হয়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি বাঁচাতে এ পদক্ষেপ নিয়েছে ইউক্রেন সরকার।
লিথুনিয়ার ভিলনিয়াসে আগামী ২৮ ও ২৯ নভেম্বর ‘ইস্টার্ন পার্টনারশিপ’ শীর্ষক একটি সম্মেলন হওয়ার কথা রয়েছে। সম্মেলনে ইইউর সঙ্গে ইউক্রেনের সহযোগিতা নিয়ে সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে তিমাশেঙ্কোকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির বিষয়টি পূর্বশর্ত হিসেবে দেওয়া হয়েছে। এর প্রেক্ষাপটেই ওই বিলটি পাসের উদ্যোগ নেওয়া হয়।
ইউক্রেনের ২০০৪ সালে ‘অরেঞ্জ রেভল্যুশনের’ সময়ে ব্যাপক আলোচিত হওয়া তিমাশেঙ্কো দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের তীব্র প্রতিদ্বন্দ্বী। ২০১১ সালে তাঁকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় কড়া নিন্দা জানায়।
তিমাশেঙ্কো দীর্ঘদিন ধরেই পিঠের সমস্যায় ভুগছেন। তাঁকে কারাগারের বাইরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জার্মানি তাঁকে চিকিৎসাসেবা দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে ইউক্রেনের আইনে তিমাশেঙ্কোর মতো কয়েদিদের দেশ ছাড়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই।
ইইউর সঙ্গে সাবেক সোভিয়েত রাষ্ট্র ইউক্রেনের চুক্তি হলে তাতে রাশিয়া নাখোশ হতে পারে। কেননা, দেশটিকে নিজেদের কাস্টমস ইউনিয়নে রাখতে চায় মস্কো। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গত সোমবার ইইউভুক্ত ২৭টি দেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সময় ফুরিয়ে যাচ্ছে’। ইউক্রেনকে এখনই ব্যবস্থা নিতে হবে। তবে পার্লামেন্টে এবারও ক্ষমতাসীন দলের আইনপ্রণেতারা বিলটির পক্ষে ভোট দেবেন না বলে জানিয়েছেন দলটির একজন আইনপ্রণেতা।
ভিলনিয়াস সম্মেলনে ইইউর সঙ্গে ইউক্রেনের রাজনৈতিক ও ব্যবসা-বাণিজ্যবিষয়ক একটি বৃহত্তর চুক্তি হবে বলে আশা করা হচ্ছে। এটাকে দেখা হচ্ছে, ইইউতে দেশটির অন্তর্ভুক্তির প্রথম পদক্ষেপ হিসেবে। এ ধরনের চুক্তি হলে তা হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য বিরাট একটা ধাক্কা। তিনি ইউক্রেনকে নিজেদের কাস্টমস ইউনিয়নে অন্তর্ভুক্ত করতে চান। এই ইউনিয়নের বর্তমান সদস্য হচ্ছে সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুশ, কাজাখস্তান এবং রাশিয়া। ইউক্রেন ইইউর সঙ্গে চুক্তি করলে দেশটির সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক লেনদেনে প্রভাব পড়বে বলে বরাবরই সতর্ক করে দিয়ে আসছে মস্কো। এএফপি।