তিমিশিকারি পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ে পানিনিরোধক কোট। মাথায় কালো হেলমেট। হাতে নানা ধরনের যন্ত্রপাতি। দেখে মনে হয়, বিশেষ বাহিনীর কোনো সেনাসদস্য তিনি। আসলে তা নয়। তিনি রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। এটা তাঁর শিকারের পোশাক। এ পোশাক পরেই বিপন্ন প্রজাতির এক তিমি শিকার করতে গিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল ওই তিমির গা থেকে চামড়ার সামান্য নমুনা সংগ্রহ করা। সাগর উত্তাল। বিশাল ঢেউয়ের তোড়ে তাঁর স্পিডবোটটি উল্টে যাওয়ার উপক্রম। কিন্তু তাতে দমে যাওয়ার পাত্র নন ৫৭ বছর বয়সী সাবেক এই কেজিবিপ্রধান। ওলগা উপসাগরে তিমি শিকারের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে পুতিন বললেন, ‘সেটা ছিল আসলেই রোমাঞ্চকর মুহূর্ত। তিন-তিনবার আমি তিমিটির গায়ে শূল লাগাতে ব্যর্থ হই। কিন্তু চতুর্থবার আর লক্ষ্যভ্রষ্ট হইনি।’ রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিনের এই কাজকে অত্যন্ত সাহসিকতাপূর্ণ অভিযান হিসেবে বর্ণনা করা হয়েছে। পুতিনের গাইড ভ্লাদিমির বারকানভ বলেছেন, পুতিন যে রকম দুর্যোগপূর্ণ অবস্থায় শিকার করেছেন, সে পরিস্থিতিতে আমরা সচরাচর সাগরেই যাই না। এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে কেন গেলেন—একজন সাংবাদিকের এ প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘আমি এটা পছন্দ করি। আমাদের প্রকৃতিকে আমি ভালোবাসি।’ টেলিগ্রাফ।