তিমোশেঙ্কোর অভিযোগের শুনানি আবার পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমোশেঙ্কোর বিরুদ্ধে অভিযোগের শুনানি আবার পেছানো হয়েছে। ইউক্রেনের একটি আদালত গতকাল সোমবার তিমোশেঙ্কোর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও কর ফাঁকির অভিযোগের শুনানির নতুন তারিখ ঘোষণা করেছেন।তিমোশেঙ্কোর অসুস্থতার কারণে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভ আদালতের বিচারক আগামী ১৩ নভেম্বর শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন। গত বছরের অক্টোবরে এই আদালতই ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তিমোশেঙ্কোকে সাত বছরের কারাদণ্ড দেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। আদালতের ওই বিচারক জানান, তিমোশেঙ্কোর অনুপস্থিতিতে এই বিচারের শুনানি করা সম্ভব নয়।চলতি অক্টোবর মাসের ২৮ তারিখ ইউক্রেনে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে তিমোশেঙ্কোর নেতৃত্বাধীন জোট বর্তমান ক্ষমতাসীন রিজিয়নস পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে তিমোশেঙ্কোকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। তিমোশেঙ্কোর বিরুদ্ধে এই অভিযোগের শুনানি বিভিন্ন কারণে একাধিকবার পেছানো হয়েছে। এএফপি।