তিস্তা এবং ছিটমহল চুক্তি চায় সিপিএম ও বিজেপি
তিস্তার পানি এবং ছিটমহল বিনিময় নিয়ে বাংলাদেশের ও ভারতের মধ্যে চুক্তি চাইছে পশ্চিমবঙ্গের বামদল সিপিএম। বিজেপিও তা-ই চাইছে। বিজেপি বলেছে, দেওয়া-নেওয়ার মাধ্যমেই হোক এই চুক্তি। তবে তৃণমূলের মতে, রাজ্যের মানুষের সেন্টিমেন্ট বুঝেই এই চুক্তি সম্পাদন করা উচিত।
গতকাল শনিবার সন্ধ্যায় কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন আয়োজিত ইফতার পার্টিতে প্রথম আলো ডটকমের প্রশ্নের জবাবে বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, ‘ছিটমহল বিনিময় চুক্তি সম্পাদন হোক, এটা আমরাও চাই। তবে আমাদের দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে এই চুক্তি “দেওয়া-নেওয়ার” মধ্যেই সম্পাদন হওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশের বর্তমান সরকারের ভক্তও। তাই তিস্তা এবং ছিটমহল চুক্তি উভয় দেশের স্বার্থ রক্ষা করে হওয়া উচিত। পানির হিসাব করে দুদেশ তা ভাগ করে নিলে আমাদের আপত্তি থাকবে না।’
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা এবং পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী প্রথম আলো ডটকমকে বলেছেন, ‘পরিবারে সচ্ছলতা থাকলে পরিবারের মানুষদের খেতে দেওয়া যায়। আমরাও তা-ই চাই। তিস্তা বা ছিটমহল বিনিময় চুক্তি এলাকার মানুষের সেন্টিমেন্ট বুঝেই করা উচিত। মানুষ চাইলে নিশ্চয়ই চুক্তি হবে।’
সিপিএমের রাজ্য সম্পাদক ও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু প্রথম আলো ডটকমকে বলেছেন, ‘তিস্তা এবং ছিটমহল বিনিময় চুক্তি হওয়া উচিত। ভারত সরকার এ ব্যাপারে কালক্ষেপণ করলেও বাংলাদেশ সরকার যথেষ্ট উদ্যোগী।’