তিস্তা চুক্তি সম্পাদনে উদ্যোগী ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে বহুল আলোচিত তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদনে উদ্যোগী হয়েছে ভারত সরকার। আজ বুধবার কলকাতার বাংলা দৈনিক ‘দ্য স্টেটসম্যান’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল। তবে সে সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তা আর সম্ভব হয়নি। এই চুক্তি সম্পাদন না হওয়ায় বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে একটি নেতিবাচক প্রভাব পড়ে।

এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চুক্তি হলে পশ্চিমবঙ্গের কতটা লাভ বা ক্ষতি হবে, তা সরেজমিনে খতিয়ে দেখতে জলসম্পদ বিজ্ঞানী কল্যাণ রুদ্রকে দায়িত্ব দেন। গত বছর তদন্ত করে একটি প্রতিবেদন রাজ্য সরকারের হাতে তুলে দেন কল্যাণ রুদ্র।

‘স্টেটসম্যান’-এর প্রতিবেদনে আরও বলা হয়, কল্যাণ রুদ্রের প্রতিবেদন মনঃপূত হয়নি রাজ্য সরকারের। কিন্তু প্রতিবেদনের কপি ভারতের কেন্দ্রীয় সরকারের জলসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের হাতে পৌঁছে গেছে। তাই মমতার আপত্তির পরও তিস্তা চুক্তি সম্পাদনের প্রক্রিয়া শুরুর জন্য উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার।

দিল্লি সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘স্টেটসম্যান’ জানিয়েছে, মমতার সমর্থন না পেলেও প্রধানমন্ত্রী মনমোহন সিং তিস্তা চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে সবুজসংকেত দিয়েছেন। এই লক্ষ্যে ২০১১ সালে যে খসড়া চুক্তি হয়েছিল, সেই খসড়ার কিছু সংশোধন করে নতুন চুক্তি হবে। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভারত সফরের সময় এই চুক্তি সম্পাদন হতে পারে। খসড়া চুক্তিতে যেসব সংশোধনী আনা হবে, সেগুলোর ভিত্তি হবে জলসম্পদ বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রের প্রতিবেদন।

পত্রিকাটি আরও জানায়, তিস্তা চুক্তি সম্পাদনে পশ্চিমবঙ্গের সমর্থন লাগবেই, এমন কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা কেন্দ্রীয় সরকারের নেই। তাই এ বিষয়টিকে আর ফেলে রাখার কথা  ভাবছে না দিল্লি।