তিস্তার পানি বাংলাদেশে পাচারের অভিযোগ মমতার

তিস্তার নদী বাংলাদেশে পাচারের অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করে বলেন, এই পাচারের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তারা। মমতা সন্দেহের তির ছুড়েছেন তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষের দিকে।
গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-ভানু মিলনায়তনে ৬ জেলার এক প্রশাসনিক বৈঠক হয়। সেখানে মমতা ওই অভিযোগ তোলেন।
মমতা বিষয়টি তদন্তের ভার দিয়েছেন পুলিশের এডিজি রাজ কানোজিয়া এবং জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের দুই পুলিশ সুপারকে। যদিও প্রশাসনিক ওই বৈঠকে উপস্থিত ছিলেন না তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা।
মমতার এই বক্তব্যের পর তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষের প্রকৌশলীরা হতবাক হয়ে যান। মুখ খুলতে না পারলেও প্রকারান্তরে তাঁরা জানিয়ে দিয়েছেন, ওই অভিযোগের কোনো ভিত্তি নেই।
এদিকে রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁরও জানা ছিল না এই অভিযোগটির কথা। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী শিলিগুড়ি গিয়ে শুনেছেন ওই ঘটনাটির কথা। তদন্ত হলে তো ভালোই। আসল তথ্য উঠে আসবে।’
এ ব্যাপারে তিস্তা ব্যারেজের মুখ্য প্রকৌশলী (সিভিল) গৌতম দত্ত সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী কী বলেছেন তা তাঁর জানা নেই। প্রশাসন থেকে কিছু জানানোও হয়নি। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না তিনি।
তবে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন কত কিউসেক পানি ছাড়া হয়, তা রাজ্য সরকারকে এখন থেকে জানানো হবে। চলতি মৌসুমে কয়েক দিন ধরে রোজ সন্ধ্যায় কালীঝোড়া ব্যারেজ থেকে ১৫ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। আর গজলডোবা ব্যারেজে ধারণক্ষমতা তেমন না থাকায় ওই পানি স্বাভাবিক নিয়মে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে।
তিস্তা প্রকল্পের কর্মকর্তারা এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেছেন, এতে পাচারের কোনো প্রশ্ন নেই। তাঁরা আরও বলেন, শুষ্ক মৌসুমে তিস্তার পানি এতটাই কম থাকে যে ব্যারেজ থেকে সেচখালে পানি দেওয়া সম্ভব হয় না। তাই চাষিদের বঞ্চিত করার অভিযোগ ভিত্তিহীন।