তীব্র সমালোচনার মুখে নতুন কারাগারে নেওয়া হয়েছে ম্যানিংকে
বিভিন্ন দেশের গোপন তথ্য প্রকাশ করে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের কাছে নথি পাচারের অভিযোগে গ্রেপ্তার মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিংকে নতুন কারাগারে স্থানান্তর করা হয়েছে। গত মঙ্গলবার পেন্টাগনের কর্মকর্তারা জানান, ম্যানিংকে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের কোয়ানটিকোর কারাগার থেকে ক্যানসাস অঙ্গরাজ্যের একটি সামরিক কারাগারে পাঠানো হয়েছে।আগের কারাগারে ম্যানিংকে মানবেতর অবস্থায় রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে তীব্র সমালোচনা হলে কর্তৃপক্ষ তাঁকে নতুন কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেয়।২৩ বছর বয়সী মার্কিন সামরিক গোয়েন্দা কর্মকর্তা ম্যানিং মার্কিন সামরিক ও কূটনৈতিক তথ্য উইকিলিকসকে সরবরাহ করেন বলে অভিযোগ রয়েছে। ২০১০ সালের জুলাইয়ে তাঁকে কোয়ানটিকোর কারাগারে আটক করা হয়। অভিযোগ রয়েছে, ওই কারাগারে ম্যানিংকে একটি কক্ষে একা রাখা হতো। নগ্ন অবস্থায় তাঁকে ঘুমাতে বাধ্য করা হতো।এ ঘটনা বিভিন্ন মানবাধিকার সংস্থাসহ আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে। তারা এর তীব্র প্রতিবাদ করে। এএফপি, বিবিসি।