তুতেনখামেনের ধনরত্ন চুরির চেষ্টা, মমি ধ্বংস
প্রাচীন মিসরের রাজা তুতেনখামেনের ধনরত্ন লুট করার উদ্দেশ্যে হানা দেওয়া দুর্বৃত্তরা মিসরের জাতীয় জাদুঘরের দুটি মমি ধ্বংস করেছে। মমিগুলো দুই হাজার বছরের পুরোনো। এই ঘটনার পর মিসরের জনপ্রিয় অবকাশকেন্দ্রগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে সরকারবিরোধী বিক্ষোভের কারণে দেশটিতে ৩০ হাজার ব্রিটিশ পর্যটক আটকা পড়েছেন।রাজধানী কায়রোয় সরকারবিরোধী বিক্ষোভের পঞ্চম দিনে পিরামিডগুলো এবং রাজধানীতে অবস্থিত ইজিপশিয়ান মিউজিয়ামে সেনাবাহিনী মোতায়েন করা হয়। ইজিপশিয়ান মিউজিয়ামে রাজা তুতেনখামেনের মহামূল্যবান মুখোশ রয়েছে।আইনশৃঙ্খলা-পরিস্থিতি প্রায় ভেঙে যাওয়ার পর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে রাজধানীর বাইরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সদর দপ্তর আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।লুটপাটকারীদের হাত থেকে বাড়িঘর রক্ষায় আলেকজান্দ্রিয়া শহরের অনেক বাসিন্দাকে লাঠিসোঁটা হাতে বাড়ির সামনে অবস্থান নিতে দেখা যায়।এদিকে মিসরে প্রায় ৩০ হাজার ব্রিটিশ পর্যটক আটকা পড়েছেন। বেশির ভাগ পর্যটকই আটকা পড়েছেন লোহিত সাগরের অবকাশকেন্দ্রগুলোতে। প্রেসিডেন্ট হোসনি মোবারকের জারি করা কারফিউ মেনে চলতে নিজ দেশের নাগরিকদের পরামর্শ দিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর।ব্রিটিশ নাগরিকদের বিনা প্রয়োজনে কায়রো, লুক্সর, আলেকজান্দ্রিয়া ও সুয়েজে না যাওয়ার জন্য যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্য থেকে মিসরগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে।কায়রোয় আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধারের জন্য ব্রিটিশ এয়ারওয়েজ একটি অতিরিক্ত বিমান ভাড়া করেছে। সহিংসতা থেকে বাঁচতে পর্যটকেরা মরিয়া হয়ে মিসর ত্যাগ করার চেষ্টা করার কারণে কায়রো বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।গতকাল নয় ব্যক্তি ইজিপশিয়ান মিউজিয়ামের ভেতর প্রবেশ করে। দুটি মমির খুলি ও দুটি মূর্তি নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে। মূর্তিগুলো দুই হাজার বছরেরও বেশি সময়ের পুরোনো বলে ধারণা করা হয়।জাদুঘরের একটি মূর্তিকে দুই টুকরো করে ফেলেছে চোরের দল। মূর্তিটি রাজা তুতেনখামেনের বলে ধারণা করা হয়। কর্মকর্তারা বলছেন, তাঁরা আশা করছেন, মূর্তিটি মেরামত করা সম্ভব হবে।সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকুইটিসের চেয়ারম্যান জাহি হাওয়াস বলেন, ‘তারা রাজা তুতের সংগ্রহশালায় হামলা ও লুটপাটের চেষ্টা চালিয়েছে। তবে তারা ব্যর্থ হয়েছে। তারা মিসরীয় নয়, তারা অপরাধী। মাথার খুলি ও দুটি মূর্তিসহ নয় ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে একটি মূর্তি ভেঙে গেছে। সেনাবাহিনী বর্তমানে জাদুঘর পাহারা দিচ্ছে এবং এখন সব জাদুঘর নিরাপদ আছে। ডেইলি মেইল।