তুরস্ক ছাড়ছে বিদ্রোহী কুর্দিরা, তবে এখনই অস্ত্র সমর্পণ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিকেকে কুর্দি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে, তারা আগামী ৮ মে থেকে তুরস্ক ত্যাগ শুরু করবে। গত বৃহস্পতিবার ইরাকের উত্তরাঞ্চলে কান্দিল এলাকায় সংবাদ সম্মেলনে বিদ্রোহী নেতারা এ ঘোষণা দেন।কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) প্রায় তিন দশক ধরে তুরস্কের সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। বিদ্রোহীরা ৮ মে থেকে তুরস্ক ত্যাগ শুরু করে ইরাকের উত্তরাঞ্চলে সরে যাবে। তুরস্ক ত্যাগের সময় বিদ্রোহীদের ওপর কোনো রকম হামলা না চালানোর জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি হুঁশিয়ার করে দিয়ে বলা হয়, বিদ্রোহীদের ওপর হামলা হলে এর পরিণাম ভালো হবে না। সংবাদ সম্মেলনে পিকেকে কমান্ডার মুরাত কারিলান বলেন, পর্যায়ক্রমে সব গেরিলা সদস্য তুরস্ক ত্যাগ করবেন। আর এখনই অস্ত্র সমর্পণ করা হবে না। পিকেকে নেতা অকালানসহ সব গেরিলাকে মুক্তি দেওয়ার পরই অস্ত্র ত্যাগ করা হবে।কতজন বিদ্রোহী তুরস্কে লড়াই করছেন, এ বিষয়ে সংবাদ সম্মেলনে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে বলা হয়, বিদ্রোহীরা ধাপে ধাপে ইরাকে সরে যাবে। এতে কয়েক মাস সময় লাগবে। সব গেরিলা নিরাপদে ইরাকে পৌঁছানোর আগে কোনো অস্ত্র সমর্পণ করা হবে না।কমান্ডার মুরাত আরও বলেন, তুরস্ক ত্যাগের পথে বিদ্রোহীদের ওপর হামলা হলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। গেরিলাদের ওপর সেনাবাহিনী যদি হামলা চালায়, কিংবা বোমাবর্ষণ করে, তাহলে তাৎক্ষণিকভাবে বিদ্রোহী প্রত্যাহার বন্ধ করা হবে।পিকেকের কারাবন্দী নেতা আবদুল্লাহ অকালান ২১ মার্চ ঐতিহাসিক অস্ত্রবিরতির ঘোষণা দেন। এরপর পিকেকে তুরস্ক ত্যাগের এই ঘোষণা দিল।কমান্ডার মুরাত আরও বলেন, বিদ্রোহী প্রত্যাহার প্রক্রিয়ায় তুরস্কের সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিতে হবে। এ ছাড়া সংবিধানে সংশোধনী আনতে হবে। বিদ্রোহী দমনে গঠিত বিশেষ নিরাপত্তা বাহিনী ভেঙে দিতে হবে। বিদ্রোহীদের সাধারণ ক্ষমা করতে হবে। অকালানসহ বিদ্রোহী সব বন্দীকে মুক্তি দিতে হবে।তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দিস্তানের পূর্ণ স্বাধীনতার দাবিতে ১৯৮৪ সালে লড়াই শুরু করে পিকেকে। কয়েক বছর পর তুরস্কসহ অন্যান্য দেশ একে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়। একপর্যায়ে স্বাধীনতার দাবি থেকে সরে আসে পিকেকে এবং স্বায়ত্তশাসনের লড়াই অব্যাহত রাখে। আল-জাজিরা।