তুরস্ক নয়, ইরাকে পরমাণু সংলাপ করতে চায় ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আসন্ন গুরুত্বপূর্ণ সংলাপের অনুষ্ঠানস্থল হিসেবে তুরস্কের ইস্তাম্বুল শহরের পরিবর্তে ইরাকের রাজধানী বাগদাদ শহরের নাম প্রস্তাব করেছে ইরান। তাদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে গত মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছে ইরাক।ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, পারমাণবিক অস্ত্রবিষয়ক সংলাপ অনুষ্ঠানের আয়োজক হওয়ার জন্য ইরাকের প্রতি অনুরোধ জানিয়েছে ইরানের একটি প্রতিনিধিদল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্স এবং জার্মানির সঙ্গে ইরান ওই সংলাপে অংশ নেবে।ইস্তাম্বুলে চলতি মাসের ১৩ তারিখ থেকে দুই দিনব্যাপী ওই সংলাপ অনুষ্ঠিত হবে বলে গত সপ্তাহে ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তবে ওই সংলাপের অনুষ্ঠানস্থল নিয়ে এখনো আলোচনা চলছে বলে জানান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকজন কূটনীতিক। রাশিয়া গত সোমবার জানায়, সংলাপের স্থান ও তারিখ নির্দিষ্ট হয়নি।আসন্ন এই সংলাপকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা প্রশমনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকি এই সংলাপকে বাড়তি গুরুত্ব দিয়েছে।ইরানের সঙ্গে জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য এবং জার্মানির সর্বশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছিল গত বছরের জানুয়ারিতে ইস্তাম্বুলে। এর আগের দফায় আলোচনা হয়েছিল জেনেভায় ২০১০ সালে।পরমাণু কর্মসূচিবিষয়ক সহকারী-সমন্বয়ক আলী বারেকি মঙ্গলবার ইরাকি পররাষ্ট্রমন্ত্রী হোশায়ার জাবেরির সঙ্গে দেখা করেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাগদাদে কর্মরত ইরানি রাষ্ট্রদূত ওই বৈঠকে অংশ নেন। বাগদাদে সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে ইরানের প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী জাবেরি বলেন, সংলাপ আয়োজনে ইরাক প্রস্তুত। ইরানের এ প্রস্তাবের ব্যাপারে সংশ্লিষ্ট মহলের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করবেন তিনি।এদিকে ইরান কিংবা তাদের পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করে দিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন হিলারি ক্লিনটন। তিনি আসন্ন সংলাপের ব্যাপারে ইরানের কাছ থেকে স্পষ্ট অঙ্গীকার আদায়ের ওপর জোর দেন। শক্তিধর ছয় দেশের সঙ্গে ইরানের আসন্ন আলোচনা প্রসঙ্গে মঙ্গলবার হিলারি বলেন, কোনো সহজ পথ নেই। ইরান পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইবে। এএফপি।