মিসরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্ক ভালো যাচ্ছিল না। সর্বশেষ গত শনিবার তুরস্কের রাষ্ট্রদূতকে কায়রো বহিষ্কার করায় এবং পাল্টা ব্যবস্থা হিসেবে আঙ্কারা কায়রোর সঙ্গে সম্পর্ক হ্রাস করায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানি স্পর্শ করল।
মিসর ও তুরস্ক উভয়ই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। তুরস্ক-মিসর দ্বিপক্ষীয় সম্পর্কও উষ্ণ ছিল। তবে গত ৩ জুলাই সেনাবাহিনীর হাতে মিসরের প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়া শুরু হয়। আঙ্কারা মুরসিকে ক্ষমতাচ্যুত করার ঘটনাকে ‘অভ্যুত্থান’ হিসেবে বর্ণনা করায় এবং মুরসির সংগঠন মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের সমালোচনা করায় আগেই অসন্তুষ্ট ছিল কায়রো। সর্বশেষ গত বৃহস্পতিবার তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের এক মন্তব্যে নতুন করে ক্ষুব্ধ হয় তারা। এরদোয়ান এদিন এক সমাবেশে বলেন, ‘যারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে, তাদের আমি কখনোই শ্রদ্ধা করব না।’
এরদোয়ানের ওই মন্তব্যের পর শনিবার কায়রোতে তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন আভনি বোতসালিকে বহিষ্কার করে মিসর। তাঁকে মিসরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক রাষ্ট্রদূত থেকে চার্জ দি অ্যাফেয়ার্স পর্যায়ে নামিয়ে আনা এবং নিজস্ব রাষ্ট্রদূতকে আঙ্কারায় না পাঠানোর সিদ্ধান্ত নেয় কায়রো। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, তুরস্ক মিসরে ‘অশান্তি সৃষ্টিকারী’ সংগঠনগুলোকে সমর্থন করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে মিসরের স্বার্থের বিরুদ্ধে খেপিয়ে তুলছে।
কায়রোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে আঙ্কারা। তারা মিসরীয় রাষ্ট্রদূত আবদের রহমান সালেহ এল-দিনকে তুরস্কে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং ‘আন্তর্জাতিক সম্পর্কের মূল তত্ত্ব অনুসরণ করে’ কায়রোর সঙ্গে সম্পর্ক নামিয়ে এনেছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় মিসরীয় চার্জ দি অ্যাফেয়ার্সকে তলব করে ঘটনার ব্যাখ্যা চেয়ে বলেছে, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার জন্য মিসরের সেনাবাহিনীর সমর্থনে গঠিত কর্তৃপক্ষই দায়ী বলে তারা মনে করে।
গত আগস্টে কায়রো-আঙ্কারা সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল। সে সময় মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে কায়রোর রাবা আল-আদাবিয়া স্কয়ারে অবস্থান নিয়ে টানা বিক্ষোভরত ব্রাদারহুডের নেতা-কর্মীদের উচ্ছেদে নিরাপত্তা বাহিনীর অভিযানে এক হাজারের বেশি লোক নিহত হয়েছিল। তুরস্ক তার কড়া সমালোচনা করেছিল। তখন কায়রো ও আঙ্কারা উভয়ই তাদের রাষ্ট্রদূতদের নিজ দেশে ফিরিয়ে এনেছিল। পরে আঙ্কারার রাষ্ট্রদূত কায়রোতে কর্মস্থলে ফেরত গেলেও কায়রোর রাষ্ট্রদূত নিজ দেশেই থেকে যান।