তুরস্কে অভ্যুত্থান বন্ধের লক্ষ্যে সেনা আইন সংশোধনের উদ্যোগ
তুরস্কের সশস্ত্র বাহিনীর আইনের একটি বিতর্কিত অনুচ্ছেদ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। বলা হয়, ওই অনুচ্ছেদের সুযোগ নিয়েই দেশটির প্রভাবশালী সেনাবাহিনী সেনা অভ্যুত্থানকে বৈধতা দেওয়ার চেষ্টা করে থাকে। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সরকার গতকাল বৃহস্পতিবার এ লক্ষ্যে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেছে। বিলটি আসন্ন গ্রীষ্মকালীন বিরতির পর আলোচ্যসূচিতে উঠবে বলে মনে করা হচ্ছে। বিতর্কিত অনুচ্ছেদটিতে বর্তমানে বলা হয়েছে,‘সশস্ত্র বাহিনীর কর্তব্য হচ্ছে সংবিধানের বিধি মোতাবেক তুর্কি স্বদেশভূমি ও তুর্কি প্রজাতন্ত্রকে সুরক্ষা দেওয়া।’
নতুন বিল অনুযায়ী ওই অনুচ্ছেদটি বদল করে লেখা হবে, ‘সশস্ত্র বাহিনীর কর্তব্য হচ্ছে তুর্কি স্বদেশভূমিকে বাইরের বিপদ ও হুমকি থেকে রক্ষা করা, এমনভাবে সামরিক শক্তির সুরক্ষা ও জোরদার করা, যা শত্রুকে প্রতিহত করবে, পার্লামেন্টের সিদ্ধান্তক্রমে বিদেশে দায়িত্ব পালন করা এবং আন্তর্জাতিক শান্তি বজায় রাখায় সহায়তা করা।’ হুরিয়াত ডেইলি নিউজ।