তুরস্কে আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শনিবারও দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে।
গতকাল শনিবারও দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে।

তুরস্কে সরকারবিরোধী চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টি। গতকাল শনিবারও দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে।
আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার ইস্তাম্বুলে একে পার্টির নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলটির ডেপুটি চেয়ারম্যান হুসেইন সেলিক আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করেন।
হুসেইন সাংবাদিকদের জানান, দলের বৈঠকে চলমান বিক্ষোভ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে আগাম নির্বাচনের প্রশ্নটি বৈঠকের আলোচ্যসূচিতেই ছিল না। তিনি বলেন, ‘স্থানীয় ও প্রেসিডেন্ট নির্বাচন পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী বছর অনুষ্ঠিত হবে। আর ২০১৫ সালে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন।’
একে পার্টির এই নেতা উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশ অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে। কিন্তু সে তুলনায় তুরস্কের পরিস্থিতি ভালো। সরকার চলে সময়সূচি মেনে। আগাম নির্বাচনের কোনো প্রয়োজনীয়তা নেই।
প্রধানমন্ত্রী এরদোয়ান গত শুক্রবার অবিলম্বে বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, তাঁর সরকার যেকোনো ধরনের ‘গণতান্ত্রিক দাবি’র বিষয়ে আলোচনা করতে রাজি আছে।
তবে এরদোয়ানের এই আহ্বান উপেক্ষা করে গতকাল শনিবারও সরকারবিরোধী বিশাল বিক্ষোভ হয়েছে।
উত্তর আফ্রিকায় চার দিনের সফর শেষে শুক্রবার দেশে ফেরেন এরদোয়ান। এর আগে প্রায় এক সপ্তাহ ধরে তাঁর পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ করে বিরোধীরা। এ সময় এরদোয়ানের সমর্থকেরা তেমন কোনো পাল্টা বিক্ষোভ না করলেও তাঁর দেশে ফেরার প্রাক্কালে শক্তি প্রদর্শন করেন। তাঁর দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির হাজার হাজার কর্মী-সমর্থক জড়ো হন ইস্তাম্বুল বিমানবন্দর এলাকায়।
বিমানবন্দরে অবতরণের পরপরই সেখানে এক ভাষণে এরদোয়ান বলেন, ‘বিক্ষোভকারীদের প্রতি আমার আহ্বান, তারা যেন এখনই বিক্ষোভ বন্ধ করে। তারা তাদের গণতান্ত্রিক চরিত্র হারিয়েছে এবং ধ্বংসাত্মক কাজে জড়িয়ে পড়েছে।’
বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘অতিরিক্ত শক্তি প্রয়োগের’ সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এরদোয়ান এই সমালোচনা প্রত্যাখ্যান করেছেন।
ইস্তাম্বুলের একটি পার্কের গাছপালা কেটে বিপণিবিতান নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে এ বিক্ষোভ শুরু হয়। তবে তা একপর্যায়ে সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। প্রধানমন্ত্রীর ‘একনায়কসুলভ আচরণে’ ক্ষুব্ধ বিক্ষোভকারীরা তাঁর পদত্যাগ দাবি করতে থাকে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এ বিক্ষোভে তিনজন নিহত হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঁদানে গ্যাস, পেপার স্প্রে এবং জলকামানে প্রায় পাঁচ হাজার মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।