তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা নিরসনের লক্ষ্যে ইরানের সঙ্গে ছয় জাতির বৈঠক গতকাল শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, এই আলোচনা থেকে বড় ধরনের অগ্রগতি হবে এমনটা আশা করা ঠিক হবে না।ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জার্মানি—এই ছয় জাতির প্রতিনিধিত্ব করছেন ইইউর নীতিবিষয়ক প্রধান ক্যাথরিন অস্টোন। এ ছাড়া ইরানের পক্ষে প্রতিনিধিত্ব করছেন দেশটির পরমাণুবিষয়ক শীর্ষ আলোচক সাঈদ জালিলি। ছয় জাতির সঙ্গে ইরানের আলোচনা ১৪ মাস বন্ধ থাকার পর জেনেভায় গত মাসে প্রথম দফা বৈঠক হয়। এখন ইস্তাম্বুলে দ্বিতীয়বারের মতো বৈঠক হচ্ছে। এই বৈঠক সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার বলেন, ‘বৈঠক থেকে বড় ধরনের সফলতা আসবে, এমনটি আমরা প্রত্যাশা করছি না।’ ইরান বিষয়ে বিশেষজ্ঞ ফ্রান্সের বুহিনো টেরট্রাস বলেন, বৈঠক থেকে কোনো সমঝোতা নয়, বরং সমঝোতার পথ খুঁজে বের করাই এর উদ্দেশ্য। এএফপি।