তুরস্কে উদ্ধারকাজ প্রায় শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৯৬-এ দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে কাউকে জীবিত উদ্ধারের আশা পরিত্যাগ করেছেন উদ্ধারকর্মীরা। তাঁরা বুলডোজার দিয়ে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ সরানো শুরু করেছেন।প্রধানমন্ত্রীর দপ্তরের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, এক সপ্তাহ আগে সংঘটিত ওই ৭ দশমিক ২ তীব্রতার ভূমিকম্পে পূর্বাঞ্চলীয় ভন প্রদেশে চার হাজার ১৫০ জনের বেশি লোক আহত হয়েছে।ভন শহরের কেন্দ্রস্থলে উদ্ধার তৎপরতা বন্ধ করে দেওয়া হলেও আরসিস শহরের দুটি এলাকায় জরুরি বিভাগের কর্মীরা এখনো কাজ করে যাচ্ছেন। তুরস্কের উপপ্রধানমন্ত্রী বশির আতালাই গত শনিবার বলেছিলেন, উদ্ধারকাজ সমাপ্ত করা হবে। ধ্বংসস্তূপের নিচ থেকে এ পর্যন্ত ২৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তুরস্কের একজন চিকিৎসক বলেন, কোনো অলৌকিক ঘটনা ছাড়া এই প্রচণ্ড শীতে ধ্বংসস্তূপের নিচে আর কোনো ব্যক্তির জীবিত থাকার সম্ভাবনা নেই। ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার পাশাপাশি বিভিন্ন আশ্রয়শিবিরে অবস্থান নেওয়া ব্যক্তিদের শীতবস্ত্র-সহায়তা করার জন্য তুরস্কের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী বশির আতালাই।গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, ভূমিকম্পে বাড়িঘর হারানো লোকজনকে আশ্রয় দিতে কুলিয়ে উঠতে পারছে না অস্থায়ী শিবিরগুলো। ভূমিকম্পদুর্গত এলাকার তাপমাত্রা ব্যাপক হারে কমে যাওয়ায় লোকজন গরম কাপড়ের অভাবে দুর্ভোগের শিকার হচ্ছে। এএফপি।