তুরস্কে কুর্দি হামলায় ১০ নিরাপত্তাকর্মীসহ নিহত ৩০
তুরস্কে কুর্দি বিদ্রোহীদের হামলায় ১০ নিরাপত্তাকর্মী ও ২০ বিদ্রোহী নিহত হয়েছে। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে এ হামলার ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে কুর্দি বিদ্রোহীরা মেশিনগান, রকেট লঞ্চারসহ সিরনাক প্রদেশের ওই নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এতে ১০ জন নিরাপত্তাকর্মী নিহত হয়। পরে নিরাপত্তাকর্মীদের পাল্টা হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ২০ জন সদস্য নিহত হয়।প্রাদেশিক গভর্নর ভাদেত্তিন ওজকান বলেন, বিদ্রোহীরা রোববার রাতে বেটুসিবাপে নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে ১০ নিরাপত্তাকর্মীকে হত্যা করেছে।কর্মকর্তারা জানান, পিকেকে বিদ্রোহীরা সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তাকর্মীদের ওপর হামলা জোরদার করেছে। এ হামলার সঙ্গে পার্শ্ববর্তী দেশ সিরিয়ার সংঘাতপূর্ণ পরিস্থিতির যোগসূত্র রয়েছে বলে তাঁরা জানান।তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপে এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কুর্দি বিদ্রোহীরা সিরিয়ায় অবস্থান নিলে সেখানে সামরিক হামলা চালানো হবে। এএফপি।