তুরস্কে ছয় বছর পর ইসরায়েলি রাষ্ট্রদূত
ছয় বছর পর তুরস্কে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন। বিবাদে জড়িয়ে দেশ দুটির মধ্যে ছয় বছর ধরে কূটনৈতিক সম্পর্ক শীতল ছিল। আজ এএফপির খবরে এ তথ্য জানানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে আঙ্কারার এক কর্মকর্তা জানিয়েছেন, আজ সকালে নতুন রাষ্ট্রদূত এইতান নায়েহ আঙ্কারায় পৌঁছেছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করবেন।
নায়েহ এর আগে লন্ডনে ইসরায়েল দূতাবাসে ডেপুটি হেড অব মিশন হিসেবে কর্মরত ছিলেন। নভেম্বরের শুরুতে তাঁকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয় ইসরায়েল সরকারের এক কমিটি। পেশাদার এই কূটনীতিক এর আগে ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আঙ্কারায় অবস্থিত ইসরায়েল দূতাবাসে দায়িত্ব পালন করেছেন।
২০১০ সালে ফিলিস্তিনের গাজাগামী বিক্ষোভকারীদের বহনকারী এক জাহাজে ইসরায়েলি কমান্ডোরা অভিযান চালায়। ওই অভিযানে তুরস্কের ১০ বিক্ষোভকারী নিহত হয়। দুই দেশের মধ্যে আগে থেকেই সম্পর্ক তেমন ভালো ছিল না। ওই ঘটনার পর দুই দেশই তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়।
তবে গোপনে তৃতীয় দেশের হস্তক্ষেপে দীর্ঘ আলোচনার পর গত জুন মাসে দুই দেশের মধ্যের তিক্ততার শেষ হয়। শোনা যায়, গাজাগামী ওই জাহাজে অভিযানের কারণে ক্ষমা প্রার্থনা, দুই কোটি ডলার ক্ষতিপূরণ প্রদান এবং গাজায় তুরস্কের চিকিৎসাসহায়তা প্রবেশের প্রস্তাব দিয়েছে ইসরায়েল।