তুরস্কে প্যাট্রিয়ট মোতায়েন করেছে ন্যাটো
তুরস্কের সিরিয়া সীমান্তসংলগ্ন অংশে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। গত শুক্রবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা জানান। প্রতিবেশী সিরিয়ার ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা থেকে তুরস্কের সেনাদের রক্ষা করতে এই পদক্ষেপ নিয়েছে ন্যাটো। ন্যাটোর মার্কিন ইউরোপীয় কমান্ড বলেছে, তাদের সেনা ও সামরিক সরঞ্জাম দক্ষিণ তুরস্কে পৌঁছাতে শুরু করেছে। আগামী দিনগুলোতে সেখানে আরও সেনা ও সরঞ্জাম যাবে।জার্মানি ও নেদারল্যান্ডস তাদের প্যাট্রিয়ট সরঞ্জাম আগামী সপ্তাহের শুরুর দিকে তুরস্কে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। গত বছরের ডিসেম্বরে তুরস্কের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটিতে ভূমি থেকে আকাশে ছোড়ার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমোদন দেয় ন্যাটো।তুরস্কের আশঙ্কা, সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। সিরিয়া তা নাকচ করে বলেছে, তারা কখনো তাদের জনগণের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে না।ন্যাটোর কর্মকর্তারা দাবি করেছেন, সদস্যরাষ্ট্র তুরস্কের প্রতিরক্ষার স্বার্থেই সেখানে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো রকম হামলার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে গত বছর সিরিয়া ও তুরস্কের মধ্যে বেশ কয়েক দফা হামলা-পাল্টাহামলা হয়। এর মধ্যে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাও ঘটে। এতে অনেকে হতাহত হয়। বিবিসি।