তুরস্কে বিতর্কের মুখে দুই মন্ত্রীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের অর্থনীতিবিষয়ক মন্ত্রী জাফর কাগলায়ান ও স্বরাষ্ট্রমন্ত্রী মুয়াম্মার গুলার গতকাল বুধবার পদত্যাগ করেছেন। বড় ধরনের একটি দুর্নীতির অভিযোগে তাঁদের ছেলেদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে।
এ কেলেঙ্কারির ফলে ইসলামপন্থী প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার গত ১১ বছরের শাসনামলে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী এরদোয়ান পাকিস্তান সফর শেষে ফেরার পরপরই কাগলায়ান ও গুলার তাঁদের পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রিসভা পুনর্বিন্যাসের ইঙ্গিত অবশ্য আগেই পাওয়া গিয়েছিল।
উচ্চপর্যায়ের দুর্নীতি ও ঘুষ কেলেঙ্কারির ঘটনায় জড়িত সন্দেহভাজন ২৪ ব্যক্তির মধ্যে ওই দুই মন্ত্রীর ছেলেরাও রয়েছেন। সরকারের ঘনিষ্ঠ সহযোগী ও শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা ওই কেলেঙ্কারিতে জড়িত বলে অভিযোগ উঠেছে। উভয় মন্ত্রীর ছেলে অবশ্য তাঁদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।
রক্ষণশীল একটি ইসলামপন্থী সরকারের প্রধান হিসেবে ২০০২ সাল থেকে তুরস্ককে নেতৃত্ব দিচ্ছেন এরদোয়ান। তিনি ওই দুর্নীতির অভিযোগ তদন্তের বিষয়টি তুরস্কের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রযাত্রাকে খাটো করে দেখার একটি অপচেষ্টা বলে মন্তব্য করেছেন। তদন্তের প্রতিক্রিয়ায় পুলিশের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি। এএফপি।