তুরস্কে বিমান হামলায় ৩৫ কুর্দি গ্রামবাসী নিহত
ইরাকের সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি গ্রামবাসীর ওপর গতকাল বৃহস্পতিবার সকালে তুর্কি বাহিনীর এক বিমান হামলায় ৩৫ জন নিহত হয়েছে। কুর্দিশ পিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (বিডিপি) সমর্থক একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।বোমা হামলাস্থল থেকে কর্মকর্তা এরতান এরিস কুর্দিপন্থী ‘রোজ টিভি’কে জানান, সিরন্যাক প্রদেশের ওরতাসু গ্রাম থেকে কর্মকর্তারা ৩৫ জনের লাশ উদ্ধার করেছেন। নিহত গ্রামবাসীর ১৯ জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, ১৬ থেকে ২০ বছর বয়সী ৩৫-৪০ জনের একটি দলকে লক্ষ্য করে এ হামলা চালানো হলে এসব গ্রামবাসী প্রাণ হারায়।এরিস বলেন, তুষারপাত ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এতে নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। ।স্থানীয় নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চল থেকে তুরস্কের অভ্যন্তরে গ্যাস ও চিনি পাচার করছিল দলটি। কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহী সন্দেহে তাদের ওপর ওই হামলা হয়ে থাকতে পারে। এএফপি।