তুরস্কে ভূমিকম্পে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুতাহিয়ার সিমাভ শহরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ভূমিকম্পে কমপক্ষে দুজন নিহত ও ৭৯ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দেশটির পরিবেশমন্ত্রী ভেসেল এরোগলু এ কথা জানিয়েছেন।তুরস্কের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা কানদিলি জানায়, বৃহস্পতিবার রাত সোয়া একটার দিকে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৯। পরিবেশমন্ত্রী জানান, ভূমিকম্পের আঘাতে একটি কংক্রিটের খুঁটির নিচে চাপা পড়ে ১৮ বছরের এক তরুণ মারা যায়। এ সময় আতঙ্কে হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান এক বৃদ্ধ। আহত ৭৯ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। কুতাহিয়ার গভর্নর কেনান সিফতেই জানান, ভূমিকম্পে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন আতঙ্কে উঁচু একটি ভবনের জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়লে মারা যান। আতঙ্কিত শহরবাসী রাস্তায় নেমে আসেন। আবার ভূমিকম্প হতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দিলে দুর্গত এলাকায় অনেকে পথেই রাত কাটান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাতোলিয়া জানিয়েছে, ভূমিকম্পে একটি শূন্য ভবন ভেঙে পড়েছে। তা ছাড়া কিছু ভবনের জানালার কাচ ভেঙে যাওয়া ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এএফপি ও রয়টার্স।