তুরস্কে মার্কিন দূতাবাসে হামলা, নিহত ২
তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন দূতাবাসের বাইরে গতকাল শুক্রবার আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আঙ্কারার প্রাদেশিক গভর্নর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। আঙ্কারার প্রাদেশিক গভর্নর আলাত্তিন ইউকসেল সাংবাদিকদের জানিয়েছেন, এক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী তার কাছে থাকা বিস্ফোরক দিয়ে এ হামলা চালিয়েছে। এতে দূতাবাসে কর্মরত তুরস্কের এক নিরাপত্তাকর্মী ও হামলাকারী নিহত হয়েছে।তুরস্কে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত ফ্রানসিস রিসিয়ারডোন জানিয়েছেন, এ হামলায় দূতাবাসে কর্মরত তুরস্কের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।দূতাবাসের ভিসা শাখার প্রবেশপথের নিরাপত্তা তল্লাশিকেন্দ্রের কাছেই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। স্থানীয় টেলিভিশনে প্রচারিত চিত্রে দেখা গেছে, হামলায় দূতাবাসের অবকাঠামোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। তুরস্কের বার্তা সংস্থা দোঁয়া জানিয়েছে, বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণ প্রকৌশলীরা ঘটনাস্থলে গেছেন।এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।ঘটনার পর পরই মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ওই এলাকায় জার্মানি, ফ্রান্সসহ আরও কয়েকটি দেশের দূতাবাস রয়েছে। পুলিশ সংশ্লিষ্ট এলাকার সড়কগুলো বন্ধ করে দিয়েছে।২০০৮ সালের জুলাইয়ে ইস্তাম্বুলে মার্কিন উপদূতাবাসের বাইরে এক হামলায় তিন বন্দুকধারী ও তুরস্কের তিন পুলিশ সদস্য নিহত হন। রয়টার্স।