তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ২৮২, চাপে এরদোয়ান সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮২ জনে দাঁড়িয়েছে৷ ভূপৃষ্ঠের দুই কিলোমিটার গভীরে ওই খনিতে এখনো নিখোঁজ রয়েছেন অনেক শ্রমিক৷ দেশটির শিল্প খাতের ইতিহাসে সবচেয়ে বড় এই বিপর্যয়ের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ধর্মঘট পালন করে চারটি শ্রমিক ইউনিয়ন৷

ইউনিয়নগুলো অভিযোগ করেছে, অর্থ বাঁচাতে কর্মীদের জীবন ঝুঁকিতে রেখেছিল মিনাসা প্রদেশের সোমা এলাকার ওই খনি কর্তৃপক্ষ৷ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেছে তারা৷ চারটি ইউনিয়নের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘সর্বোচ্চ মুনাফা অর্জনের আশায় ওই শ্রমিকদের একটি নিষ্ঠুর উৎপাদন প্রক্রিয়ার ভেতরে কাজ করতে বাধ্য করা হয়েছে৷ আমরা আমাদের ওই ভাইদের জন্য জেগে উঠতে দেশের কর্মীশ্রেণি ও শ্রমিকদের বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি৷’

তুরস্কে খনি দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে৷ তবে প্রাণহানির দিক দিয়ে মঙ্গলবারের ওই ঘটনা অতীতের সব দুর্ঘটনাকেই ছাড়িয়ে গেছে৷ এ নিয়ে দেশব্যাপী ক্ষোভের সঞ্চার হয়েছে৷ বুধবার হাজার হাজার বিক্ষুব্ধ লোক রাজধানী আঙ্কারা ও আরেক বড় শহর ইস্তাম্বুলে বিক্ষোভ করে৷ তারা সরকার ও খনিশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনে৷ একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়৷

সোমবার ভয়াবহ ওই খনি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ৷ এ ঘটনা দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারের ওপর বাড়তি চাপ যোগ করতে পারে৷ অবশ্য এরদোয়ান বলেছেন, ‘এ ধরনের ঘটনা ঘটতেই পারে৷’ তিনি বিষয়টিকে হালকা করতে অন্যান্য দেশে খনি দুর্ঘটনারও প্রসঙ্গ টানেন৷ বলেন, যুক্তরাষ্ট্রে ১৮৬২ সালে ২০৪ জন এবং ১৮৬৪ সালে ৩৬১ জন এ ধরনের ঘটনায় প্রাণ হারিয়েছিল৷ প্রধানমন্ত্রীর এ ধরনের মন্তব্য লোকজনকে আরও​ ক্ষুব্ধ করতে পারে৷

সংখ্যা নিয়ে বিভ্রা​ন্তি: বিস্ফোরণের সময় খনির ভেতরে ৭৮৭ জন শ্রমিক ছিলেন বলে মঙ্গলবার বিভিন্ন খবরে বলা হয়৷ গতকাল সকাল পর্যন্ত আরও কিছু মৃতদেহ বের করে আনার পর মৃতের সংখ্যা ২৮২ জনে পেঁৗছেছে বলে জানান তুরস্কের জ্বালানিমন্ত্রী তানের ইলদিজ৷

আর বুধবার রাতে খনি পরিচালনাকারী কর্তৃপক্ষের এক বিবৃতিতে দাবি করা হয়, প্রায় ৪৫০ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে৷ এখনো ৯০ জন খনিতে আটকা আছেন৷ তবে এ সংখ্যার সত্যতা নিয়ে উদ্ধার হওয়া কর্মীরাই সংশয় প্রকাশ করেছেন৷ এএফপি৷