তুরস্কে রাতভর সহিংসতা, ২৫ ব্যক্তি গ্রেপ্তার

তুরস্কের ইস্তাম্বুলসহ কয়েকটি বড় শহরে মঙ্গলবার রাতেও সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ২৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গতকাল বুধবার দেশব্যাপী যে বিক্ষোভ হয়েছে, তাতে হাজার হাজার ধর্মঘটি শ্রমিক যোগ দিয়েছেন। চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার দুই দিনের ধর্মঘটের ডাক দেয় খেস্ক নামে পরিচিত একটি ট্রেড ইউনিয়ন জোট। এই জোট বামপন্থী ১১টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত।
আঙ্কারা, ইস্তাম্বুলসহ অন্যান্য শহরে সহিংসতার জন্য স্থানীয় পুলিশ-প্রধান ও গভর্নরদের অপসারণ দাবি করেছে বিক্ষোভকারীরা। একই সঙ্গে তারা ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারের উদ্যান ধ্বংস করে বিপণিকেন্দ্র নির্মাণের পরিকল্পনা বাতিলের জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
বিক্ষোভকারী অন্যতম সংগঠন তাকসিম সলিডারিটির সদস্যরা গতকাল সাংবাদিকদের জানান, রাজধানী আঙ্কারায় উপপ্রধানমন্ত্রী বুয়েন্ত আরেঞ্চের সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। সেখানে তাঁরা গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের মুক্তি, কাঁদানে গ্যাসের শেল ব্যবহার বন্ধ ও বাক্স্বাধীনতার বাধা দূর করার মত বিভিন্ন দাবি তুলে ধরেন।
বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের জন্য উপপ্রধানমন্ত্রী বুয়েন্ত আরেঞ্চ সরকারের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মঙ্গলবার রাতে ইস্তাম্বুলসহ বড় বড় শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারী সব সংগঠনের নেতাদের সঙ্গে গতকাল উপপ্রধানমন্ত্রী বুয়েন্ত আরেঞ্চের বৈঠক করার কথা ছিল। কিন্তু এ বৈঠকের সফলতা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। আরদা সেভিত নামের ২৪ বছর বয়সী এক বিক্ষোভকারী বলেন, কেবল ক্ষমা চাওয়ার মাধ্যমে এই বিক্ষোভ দমন করা সম্ভব নয়। কারণ, বিক্ষোভকারীদের প্রত্যেকেই প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের পদত্যাগ চান।
কেরেম আলিগিল (২১) নামের আরেক বিক্ষোভকারী শিক্ষার্থী বলেন, প্রধানমন্ত্রীর দশক কালব্যাপী শাসনকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই বিক্ষোভ। অথচ তিনি সেই সংকটকে পাত্তা না দিয়ে আফ্রিকা সফরে গেলেন। প্রধানমন্ত্রী এরদোয়ানের এই সফরকে ‘পলায়ন’ হিসেবে আখ্যায়িত করেন আইনের এই ছাত্র।
এরদোয়ান চার দিনের সফরে মঙ্গলবার মরক্কো গেছেন। তাঁর অবর্তমানে আরেঞ্চ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে উদ্যানের কিছু অংশ ধ্বংস করে বিপণিকেন্দ্র নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে গত শুক্রবার বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে সরকার। পরে প্রধানমন্ত্রী এরদোয়ান ও তাঁর ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) বিরুদ্ধে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছয় দিন ধরে দেশটির বিভিন্ন শহরে এই সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। এএফপি ও রয়টার্স।