তুরস্কে সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান নিয়োগ
তুরস্কে সামরিক পুলিশের প্রধান জেনারেল নেকদেত ওজেলকে দেশটির সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে তাঁর নিয়োগ চূড়ান্ত করা হয়। সামরিক বাহিনীর ২৫০ জন কর্মকর্তাকে আটক রাখার প্রতিবাদে গত শুক্রবার দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান পদত্যাগ করেন। আটক কর্মকর্তাদের মধ্যে কারও কারও কারাদণ্ড হয়েছে। প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দায়ে ওই সেনা কর্মকর্তাদের শাস্তি দেওয়া হয়।তুরস্কের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সামরিক বাহিনীতে পদোন্নতি নিয়ে প্রধানমন্ত্রী এরদোয়ানের সঙ্গে বিরোধের জের ধরে সেনা কর্মকর্তারা পদত্যাগ করেন। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে অনেক সেনা কর্মকর্তার পদোন্নতি বন্ধ করে দেওয়া হয়।এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল স্থলবাহিনীর প্রধান হিসেবে জেনারেল ওজেলের নিয়োগ অনুমোদন করেছেন। তিনি সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।তুরস্কের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের সঙ্গে শুক্রবার রাতে দেখা করেন প্রধানমন্ত্রী এরদোয়ান ও নবনিযুক্ত সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ওজেল। শীর্ষস্থানীয় বিশ্লেষকেরা বলছেন, জেনারেল ওজেলকে আপাতত ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হলেও তিনিই সশস্ত্র বাহিনীর পরবর্তী প্রধান হতে যাচ্ছেন।তুরস্কের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সামরিক বাহিনীর পূর্ব ধারা অনুযায়ী সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার আগে স্থলবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে হয়।পদত্যাগী সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ইসিক কোসানার তাঁরা বিদায়ী বার্তায় বলেন, তিনি তাঁর লোকদের (বন্দী সেনা কর্মকর্তা) অধিকার রক্ষা করতে পারেননি। তাই তাঁর পক্ষে ওই দায়িত্বে থাকা অসম্ভব ব্যাপার। বার্তায় গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, গণমাধ্যমে সশস্ত্র বাহিনীকে অপরাধী সংগঠন হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পক্ষপাতমূলক ও মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।তুরস্কের সাবাহ পত্রিকায় শীর্ষ সামরিক কর্মকর্তাদের পদত্যাগসংক্রান্ত খবরের শিরোনাম করেছে ‘ফোর-স্টার আর্থকুইক’।কয়েক বছর আগে হলে শীর্ষ এই সামরিক কর্মকর্তারা পদত্যাগ করার পরিবর্তে সামরিক অভ্যুত্থান ঘটানোর চিন্তা করতেন। কিন্তু প্রধানমন্ত্রী এরদোয়ান সামরিক বাহিনীর সংস্কারের মাধ্যমে সেই পথ রুদ্ধ করেন।২০০৩ সালে সামরিক বাহিনীর এক সেমিনারে সেনা কর্মকর্তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, যা ‘অপারেশন স্লেজহ্যামার’ নামে পরিচিত। এতে জড়িত অভিযোগে গত বছর সেনা কর্মকর্তাদের আটক করা শুরু হলে শীর্ষ সেনা কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা অভিযোগ করেন, অপারেশন স্লেজহ্যামারের অভিযোগে আটক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এএফপি, রয়টার্স।