তুরস্কে সিরিয়ার হামলায় নিরাপত্তা পরিষদের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের সীমান্তবর্তী শহরে সিরিয়ার মর্টার হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এর আগে সিরীয় হামলার জবাবে দামেস্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিষদের প্রতি তুরস্ক আহ্বান জানিয়েছিল। গত বুধবার ওই হামলার ঘটনায় পাঁচ তুর্কি বেসামরিক ব্যক্তি নিহত হয়। তবে তাৎক্ষণিকভাবে তুরস্কও বোমা হামলা চালিয়ে এর জবাব দেয়।নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা’র ক্ষেত্রে চলমান সিরীয় সংকটের যে বিরাট প্রভাব রয়েছে, সে বিষয়টি ওই হামলায় স্পষ্ট হলো। তবে সিরিয়ার হামলা ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায়’ বিরূপ প্রভাব ফেলবে—বিবৃতিতে এমন বক্তব্য প্রকাশের চেষ্টা আটকে দেয় সিরিয়ার মিত্র রাশিয়া।এদিকে সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান চালানোর ব্যাপারে তুর্কি পার্লামেন্টের অনুমোদনের পর বিভিন্ন স্থানে যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। অবশ্য তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সিরিয়ার সঙ্গে যুদ্ধে নামার ইচ্ছা তাঁর দেশের নেই।জাতিসংঘ থেকে বিবিসির সংবাদদাতা বারবারা প্লেট জানান, নিরাপত্তা পরিষদ সিরীয় হামলার নিন্দা করে যে বিবৃতি দিয়েছে তা বেশ কঠোর হলেও এটি প্রকাশের আগে রাশিয়ার সঙ্গে পরিষদকে এক ধরনের সমঝোতা করতে হয়েছে। গতকালের আগেও দামেস্কের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাসের কয়েক দফা চেষ্টা রাশিয়া ভেটো দিয়ে পণ্ড করে দেয়।তিনি আরও বলেন, সিরীয় হামলার পর তুরস্কের ওই তাৎক্ষণিক বোমা হামলায় একটি ভারসাম্যপূর্ণ অবস্থান সৃষ্টি হয়েছে, দৃশ্যত এমন ধরনের বক্তব্য রাশিয়া বিবৃতিতে সংযোজনের চেষ্টা চালায়। কিন্তু রাশিয়া তাতে ব্যর্থ হয়।বারবারা প্লেট আরও বলেন, নিরাপত্তা পরিষদের বিবৃতিতে তুরস্কে সিরিয়ার মর্টার হামলা ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি’ এ কথা বলার পরিকল্পনা থাকলেও রাশিয়া সফলভাবে সেটি আটকে দেয়। কেননা এটি আটকাতে না পারলে তা সিরিয়া সংকটে নিরাপত্তা পরিষদের আরও বেশি মাত্রায় সংশ্লিষ্টতার পক্ষে সহায়ক হিসেবে কাজ করত।বিবৃতিতে সিরিয়ার প্রতি আন্তর্জাতিক আইনের এ রকম লঙ্ঘন অবিলম্বে বন্ধ করা এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না ঘটানোর দাবি জানানো হয়। প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনেও সিরিয়ার প্রতি আহ্বান জানানো হয়।হোমসে ভয়াবহ বিমান হামলাসিরিয়ার হোমস নগরে গতকাল শুক্রবার প্রচণ্ড বিমান হামলা চালিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী। মানবাধিকার কর্মীরা বলছেন, গত পাঁচ মাসের মধ্যে নগরে এটি ছিল সেনাদের সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের স্পষ্ট পরিসংখ্যান জানা যায়নি।লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সরকারি বাহিনী গতকাল হোমসের খালদিয়া এলাকায় যুদ্ধবিমান ও স্থলবাহিনীর সমন্বয়ে ওই হামলা চালায়। একই দিন দেশের অন্যান্য অংশেও সহিংসতার ঘটনা ঘটে।মানবাধিকার কর্মীরা জানান, এদিন সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগর আলেপ্পোতে সেনা ও বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। এ ছাড়া সেনারা হোমস ছাড়াও রাজধানী দামেস্ক, হামা ও ইদলিবে গোলাবর্ষণ করেছে। বিবিসি ও এএফপি।