তুরস্কে ১৯৮০ সালের সেনা অভ্যুত্থানের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে ১৯৮০ সালের সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন দুই সেনাকর্মকর্তার বিচার শুরু হয়েছে। ওই ঘটনার তিন দশকের বেশি সময় পর আঙ্কারার একটি আদালতে গতকাল বুধবার এ বিচার শুরু হয়।সাবেক তুর্কি জেনারেল কেনান এভরেন (৯৪) ও তাঁর সহযোগী তাহসিন সাহিনকায়ার (৮৬) বিরুদ্ধে বেসামরিক সরকার উৎখাতের অভিযোগ আনা হয়। নাজুক শারীরিক অবস্থার কারণে ওই দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীসহ শতাধিক বিক্ষোভকারী ওই আদালতের সামনে জড়ো হয়ে ন্যায়বিচারের দাবিতে স্লোগান দেয়। পার্লামেন্ট সদস্যদের অনেকেও ওই বিক্ষোভে অংশ নেন। ১৯৮০ সালের ১২ সেপ্টেম্বর ওই সামরিক অভ্যুত্থান হয়েছিল।অভ্যুত্থানের দিন গ্রেপ্তার হওয়া ৫৬ বছর বয়সী এক ব্যক্তি বলেন, বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁকে চার বছর কারাভোগ করতে হয়েছিল। এ ছাড়া তাঁকে বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং ৮৭ দিন ধরে নির্যাতন করা হয়। এমনকি কথা বলতে রাজি না হলে তাঁর স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।তুর্কি পার্লামেন্টের বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) আইনপ্রণেতা সেজগিন তানরিকুলু বলেন, তুরস্কের সাম্প্রতিক ইতিহাসে এটি একটি স্মরণীয় মামলা। এটি নিয়ে কোনো ধরনের অস্পষ্টতা থাকা উচিত নয়।তুরস্কের সামরিক বাহিনী ১৯৬০, ১৯৭১ ও ১৯৮০ সালে তিনটি অভ্যুত্থান ঘটায়। তারা দেশটিতে দীর্ঘদিন ধর্মনিরপেক্ষতার রক্ষাকর্তার ভূমিকায় ছিল বলে দাবি করে। এ ছাড়া সেনাবাহিনী ১৯৯৭ সালে তুরস্কের ইসলামপন্থী একটি সরকারকে উৎখাতের চেষ্টা করে। এএফপি।