তুরস্কে 'পুলিশি নির্যাতনের' প্রতিবাদে ধর্মঘট
তুরস্কে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। সে দেশের প্রধান দুটি শ্রমিক সংগঠন এ কর্মসূচির ডাক দেয়।
সংগঠন দুটি হলো দ্য কনফেডারেশন অব পাবলিক ওয়ার্কার্স ইউনিয়ন (কেইএসকে) ও কনফেডারেশন অব প্রোগ্রেসিভ ট্রেড ইউনিয়ন (ডিআইএসকে)। সংগঠন দুটির পক্ষ থেকে শিগগির পুলিশি নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। তুরস্কের কেন্দ্রস্থল ইস্তাম্বুলের গেজি পার্কে গত শনিবার রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে আন্দোলনকারীদের হটিয়ে দেয় পুলিশ। পরদিন সকালে সেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে। এ ছাড়া তাকসিম স্কয়ারে প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান পুলিশি ভূমিকার প্রশংসা করে ইস্তামু্বলে গত রোববার এক সমাবেশে বক্তব্য দেন। তিনি বলেন, বিক্ষোভকারীদের হটিয়ে দিতে পুলিশকে নির্দেশ দেওয়া তাঁর কর্তব্য ছিল। কয়েক সপ্তাহ ধরে চলা ওই বিক্ষোভ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এটা সংখ্যাগুরুদের ওপর সংখ্যালঘুদের আধিপত্য বিস্তারের চেষ্টা ছাড়া কিছু নয়। গেজি পার্ক থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার পর রোববার আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় বিরোধী পিপলস রিপাবলিক পার্টির এক সাংসদকেও পিটিয়ে আহত করে পুলিশ; এ ছাড়া বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। গেজি পার্কের ৬০০ গাছ কেটে একটি বিপণিকেন্দ্র নির্মাণের সরকারি পরিকল্পনার প্রতিবাদে গত ৩১ মে সেখানে বিক্ষোভ শুরু হয়। তবে পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করলে বিক্ষোভ তুরস্কজুড়ে ছড়িয়ে পড়ে এবং তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। বিবিসি।