তুরস্কের অস্ত্র আটকের দাবি মিথ্যা: সিরিয়া
সিরিয়াগামী উড়োজাহাজে থেকে তুরস্কের অস্ত্র উদ্ধারের দাবিকে ‘মিথ্যা’ বলে আখ্যা দিয়েছে সিরিয়া। গত বৃহস্পতিবার রাতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ কথা জানায়। এদিকে সিরিয়ায় দুই দিনে বিদ্রোহীদের হামলায় ১০৬ জন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এর মধ্যে গত বৃহস্পতিবারই ৯২ জন সেনা নিহত হন। যা সিরিয়ার সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর এক দিনে সর্বোচ্চ সেনা নিহত হওয়ার রেকর্ড। বার্তা সংস্থা সানা জানায়, সিরিয়া তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগানের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে, ‘তুরস্ক সিরিয়ার উড়োজাহাজ থেকে অস্ত্র আটক করে থাকলে তা জনসমক্ষে প্রকাশ করুক।’ সিরিয়ার দাবি, ওই উড়োজাহাজে অস্ত্র বা অবৈধ কোনো কিছু ছিল না। এরদোগান সিরিয়ার প্রতি তাঁর সরকারের বৈরী আচরণ প্রকাশ করতেই ‘মিথ্যা’র আশ্রয় নিয়েছেন। এরদোগান যে অস্ত্র আটক করার দাবি করেছেন, তা অন্তত নিজের দেশ তুরস্কের জনগণের সামনে প্রদর্শনেরও দাবি জানায় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।রাশিয়া থেকে সিরিয়াগামী যাত্রীবাহী একটি উড়োজাহাজ গত বুধবার আঙ্কারায় অবতরণে বাধ্য করে তুরস্ক। তুর্কি প্রধানমন্ত্রী এরদোগান দাবি করেন, ওই উড়োজাহাজে রাশিয়া থেকে অস্ত্র নিয়ে যাচ্ছিল সিরিয়া সরকার। সিরিয়ায় অস্ত্র পাঠানোর উদ্যোগ নিয়ে রাশিয়া মধ্যপ্রাচ্যের দেশটির ওপর অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। তুরস্ক উড়োজাহাজটি আটকের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিলেও রাশিয়া ওই দিন এ ঘটনার ব্যাখ্যা দাবি করে। ওই উড়োজাহাজে অস্ত্র বা নিষিদ্ধ কোনো কিছু ছিল না বলেও দাবি করে রাশিয়া। দ্য অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গতকাল শুক্রবার সিরিয়ার দারা প্রদেশে একটি সেনাচৌকিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ জন সেনা নিহত হন। গত বৃহস্পতিবার বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে নিহত হন অন্তত ৯২ সেনা। একই দিনে ৬৭ বিদ্রোহী ও ৮১ বেসামরিক নাগরিক নিহত হয়। এএফপি, বিবিসি।