এরদোয়ানের সফর নিয়ে জার্মানিতে অসন্তোষ
তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সফরকে কেন্দ্র করে জার্মানিতে অসন্তোষ দেখা দিয়েছে। আজ শনিবার এরদোয়ান ব্যক্তিগত সফরে জার্মানির কোলন শহরে যান। তাঁর আগমনকে কেন্দ্র করে আগের রাত থেকেই তাঁর সমর্থক ও বিরোধীদের মধ্যে হাঙ্গামা শুরু হয়।
গত কয়েক দিন থেকেই জার্মানির চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন দলের নেতা এবং কোলন শহরের মেয়র তুরস্কের প্রধানমন্ত্রীর সফরের বিরোধিতা করে আসছেন। তাঁরা তুরস্কের আসন্ন নির্বাচনকে সামনে রেখে জার্মানিতে কোলনে নিজ দেশের অভিবাসীদের নিয়ে এরদোয়ানের নির্বাচনী প্রচার সভা পরিকল্পনার সমালোচনা করেছেন।
কোলনের লেনক্স অ্যারেনার এই সভায় ১৫ হাজার লোকের সমাগম হওয়ার কথা আছে।
এদিকে আজ এরদোয়ানবিরোধী প্রায় ৩০ হাজার মানুষ কোলনের প্রধান রেলওয়ে স্টেশনের সামনে সকাল থেকেই সমবেত হয়েছেন।
সম্প্রতি তুরস্কে ক্ষমতাসীন দলের দুর্নীতি ও খনি দুর্ঘটনায় ৩০১ জন শ্রমিকের মৃত্যুর পর থেকে দেশে-বিদেশে তাঁর বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধছে।
কোলন শহরের মেয়র ইয়ুরগুন রোটেরাস কোলন সফরকে জার্মানিতে বসবাসরত ১৫ লাখ তুর্কি জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার প্রয়াস বলে অভিহিত করেছেন।