তুরস্কের যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে সিরিয়া
সিরিয়ার সামরিক বাহিনী গত শুক্রবার তুরস্কের একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। গতকাল শনিবার উভয় দেশ এ খবর নিশ্চিত করেছে। এ ঘটনা তাদের মধ্যকার সম্পর্কে আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্ক বলেছে, ঘটনাটি পুরোপুরি পরিষ্কার হওয়ার পর তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা দেশটির সামরিক বাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে জানায়, শুক্রবার যুদ্ধবিমানটি পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের জলসীমার আকাশে চলে আসে। বিমানটি ভূমি থেকে মাত্র এক কিলোমিটার উঁচুতে পশ্চিম দিক থেকে তীব্র বেগে আসছিল। এ সময় তাঁদের বিমান-বিধ্বংসী ইউনিট সেটি লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির আঘাতে বিমানটি লাতাকিয়া প্রদেশের উপকূলীয় এলাকা থেকে ১০ কিলোমিটার দূরে সিরীয় জলসীমায় বিধ্বস্ত হয়। পরে তাঁরা নিশ্চিত হন, সেটি তুরস্কের সামরিক বিমান।সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনার খোলামেলাভাবে নিন্দা জানিয়ে আসছে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়েইপ এরদোয়ান। এর আগে তুরস্ক নিরাপত্তার অজুহাতে দামেস্ক থেকে কূটনীতিকদের সরিয়ে এনেছে এবং আঙ্কারা থেকে সিরীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে। নতুন এই ঘটনা প্রতিবেশী দেশ দুটির মধ্যে সম্পর্কে নতুন প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।প্রধানমন্ত্রী এরদোয়ান দেশের সামরিক ও গোয়েন্দাপ্রধান এবং গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বৈঠকের পর তিনি এক বিবৃতিতে তুর্কি যুদ্ধবিমান নিখোঁজ হওয়ার ঘটনাটি নিশ্চিত করে বিবৃতি দেন। বিবৃতিতে এরদোয়ান বলেন, ‘ঘটনাটি পুরোপুরি পরিষ্কার হওয়ার পর তুরস্ক তার চূড়ান্ত অবস্থান ঘোষণা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল গতকাল বলেন, গুলিতে ভূপাতিত বিমানটি সিরীয় আকাশসীমা লঙ্ঘন করে থাকতে পারে। তিনি বলেন, তাঁদের যুদ্ধবিমানগুলো রুটিনমাফিক মাঝেমধ্যেই উড্ডয়ন করে থাকে। এগুলোর কোনো খারাপ উদ্দেশ্য নেই। যুদ্ধবিমানের গতির কারণেই নিয়ন্ত্রণের বাইরে এমনটি ঘটে যায়। তিনি আরও বলেন, সিরীয় কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ চলছে।সিরীয় সামরিক বাহিনীর মুখপাত্র জানান, ঘটনার পর দুই দেশের নৌবাহিনী বিমানটির নিখোঁজ দুই পাইলটের সন্ধান করতে অভিযানে পরস্পরকে সহায়তা করছে। এএফপি ও বিবিসি।