তুরস্কের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে মিসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কায়রোয় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন আভনি বোতসালিকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে মিসর। তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান মিসর সম্পর্কে কথিত ‘উসকানিমূলক’ বক্তব্য দেওয়ার পর গতকাল শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বদর আবদেলাত্তি বলেছেন, আঙ্কারার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিষয়ে গতকাল কায়রো তিনটি সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত, তুরস্কের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে সম্পর্ক চার্জ দ্য অ্যাফেয়ার্সের পর্যায়ে নামিয়ে আনা হবে। দ্বিতীয়ত, তুরস্কের রাষ্ট্রদূতকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করা হবে। তৃতীয়ত, তুরস্কে মিসরের রাষ্ট্রদূতকে পাঠানো হবে না।
মুখপাত্র বদর বলেন, গত বৃহস্পতিবার এরদোয়ান মিসরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পক্ষে উসকানিমূলক বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
তুরস্কের প্রধানমন্ত্রী মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের ওপর গত ১৪ আগস্ট নিরাপত্তা বাহিনীর বল প্রয়োগের সমালোচনা করেন।
মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিসরের সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তবে বিশেষ করে ১৪ আগস্ট কায়রোতে মুরসিপন্থীদের দুটি অবস্থান কেন্দ্রে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর হামলার পর প্রতিবেশী দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। এএফপি।