তুরস্কের সঙ্গে গোপন বৈঠক নিয়ে ইসরায়েলে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েলের বাণিজ্যমন্ত্রীর গোপন বৈঠক নিয়ে জেরুজালেমে অভ্যন্তরীণ উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ বৈঠক নিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে তীব্র দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের বাণিজ্যমন্ত্রী বেনিয়ামিন বেন এলিয়েজাম ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুটোগলুর মধ্যে গত বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু এদিনই তুর্কি ও ইসরায়েলের গণমাধ্যমে এ বৈঠকের খবর ফাঁস হয়ে যায়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারম্যানকে না জানিয়ে এ বৈঠক করায় তিনি ক্ষুব্ধ হয়েছেন। তিনি এ বৈঠকের ব্যাপারে জেনেছেন গণমাধ্যমের সহায়তায়। তুরস্কের একজন শীর্ষ কূটনীতিক ব্রাসেলসে অনুষ্ঠিত দুই দেশের মন্ত্রী পর্যায়ের এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে ইসরায়েলের কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী লিবারম্যানের মধ্যে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, সে জন্য দেশটির কর্মকর্তারা এ বৈঠকের ব্যাপারে কিছু বলতে রাজি হননি। তুর্কি মন্ত্রীর সঙ্গে বৈঠকের খবরে ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী লিবারম্যান। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কের ‘অনেক ক্ষতি’ হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে না জানিয়ে এ বৈঠকের ঘটনায় লিবারম্যান ক্ষুব্ধ হয়েছেন। সরকারি নিয়মকানুন ভঙ্গ করে এ বৈঠক করা হয়েছে।গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের হামলার ঘটনার এক মাস পর এ বৈঠক অনুষ্ঠিত হলো। ওই ঘটনায় নয়জন তুর্কি নাগরিক নিহত হয়। এ হামলার ঘটনার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এএফপি।