তুরস্কের সাবেক সেনা প্রধান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের ইসলামপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দেশটির সেনাপ্রধান ইলকার বাসবাগকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাতোলিয়া গতকাল এক প্রতিবেদনে এ কথা জানায়। ইলকার বাসবাগের আইনজীবী ইলকে সেজারের বরাত দিয়ে আনাতোলিয়া জানায়, তুর্কি সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত একটি সন্ত্রাসী দলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর ২৬তম প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।জেনারেল বাসবাগ ২০১০ সালে সেনাপ্রধানের পদ থেকে অবসর নেন। তাঁর বিরুদ্ধে কট্টর জাতীয়তাবাদী ইরজেনেকোন নেটওয়ার্কের সঙ্গে মিলে প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোয়ানের সরকারকে উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ ওঠে। এর পরই গত বৃহস্পতিবার ইস্তাম্বুলের একটি আদালত সাবেক সেনাপ্রধানকে রিমান্ডে পাঠান। গতকাল স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তবে সাবেক সেনাপ্রধান অভিযোগ অস্বীকার করেছেন। বিবিসি, এএফপি।