
তুরস্কে সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার দায়ে সাবেক সেনাপ্রধানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাঁচ বছর ধরে চলা এ মামলার রায় গতকাল সোমবার ঘোষণা করা হয়।
সাবেক সেনাপ্রধান ইলকার বাসবাগসহ ২৭৫ জন ওই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অন্য ব্যক্তিদের সাজার ব্যাপারে তাৎক্ষণিক জানা যায়নি।
সাবেক সেনাপ্রধান ইলকার বাসবাগসহ অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, বুদ্ধিজীবী ও সাংবাদিক। বাসবাগ ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তুরস্কের সেনাপ্রধান ছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌসুলিরা তাঁর এবং আরও নয় জেনারেলসহ মোট ৬৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের দাবি জানিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ‘এরগেনিকন’-এর সদস্যপদ গ্রহণ, অবৈধভাবে অস্ত্র রাখা এবং জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির ক্ষমতাসীন সরকারকে (একেপি) উৎখাতে সশস্ত্র বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। তবে সাবেক সেনাপ্রধান বাসবাগ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।
রাজধানী ইস্তাম্বুলের পশ্চিমে সিলিভরি শহরে একটি সুরক্ষিত কারাগারে স্থাপিত একটি বিশেষ আদালতে গতকাল রায় ঘোষণা শুরু হয়। অভিযুক্ত প্রত্যেকের বিষয়ে আলাদাভাবে রায় পড়ে শোনান বিচারক।
প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোয়ান ক্ষমতায় আসেন ২০০২ সালে। এর পর থেকে সেনাবাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত শত শত কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
২০০৭ সালের জুনে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় ইস্তাম্বুলের একটি উপশহর থেকে কিছু অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের ক্ষমতাচ্যুত করতে বিরোধীরা ষড়যন্ত্র করছিল। এরপর মামলা করা হয় এবং ২০০৮ সাল থেকে ওই মামলার বিচার শুরু হয়।
সমালোচকেরা বলছেন, এ বিচারে তথ্য-প্রমাণ আছে খুব সামান্যই। যাঁদের বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে, তাঁদের বেশির ভাগই বর্তমান সরকারের বিরোধী। সরকারবিরোধী ধর্মনিরপেক্ষদের দমন করতে এ বিচার করছে প্রধানমন্ত্রী এরদোয়ানের ইসলামপন্থী সরকার। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে সরকার।
গতকাল রায় ঘোষণার আগে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ। বিশেষ ওই আদালতে মোতায়েন করা হয় কয়েক শ পুলিশ। এ ছাড়া শহরের গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে দাঙ্গা পুলিশকে টহল দিতে দেখা যায়। এএফপি ও বিবিসি।