তুরস্কের সিদ্ধান্তে গভীর উদ্বেগ যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের একটি কোম্পানির কাছ থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনার ব্যাপারে তুরস্কের সিদ্ধান্তে আবারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ফ্রান্সিস রিচিয়ারডোনে গতকাল বৃহস্পতিবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে—এমন একটি চীনা কোম্পানির সঙ্গে প্রতিরক্ষাব্যবস্থা কেনার চুক্তি করতে চায় তুরস্ক। এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যদিও এটি একটি বাণিজ্যিক সিদ্ধান্ত।’
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ‘ প্রতিরক্ষাব্যবস্থাসহ যেকোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সার্বভৌম অধিকার তুরস্কের রয়েছে। এ নিয়ে আমাদের দ্বিমত নেই। হুমকি বোধও করছি না। এর পরও আমরা গভীর উদ্বিগ্ন।’
তুরস্ক গত মাসে ঘোষণা দিয়েছিল, চায়না প্রিসিশন মেশিনারি এক্সপোর্ট-ইমপোর্ট করপোরেশনের (সিপিএমআইইসি) সঙ্গে ৪০০ কোটি ডলারের একটি চুক্তি সইয়ের ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। এতে তুরস্কের ন্যাটো মিত্ররা, বিশেষ করে যুক্তরাষ্ট্র বিরক্ত হয়।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, তুরস্কের সঙ্গে এ নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হচ্ছে। এএফপি।