তুর্কি প্রধানমন্ত্রীর মন্তব্যের নিন্দা ইসরায়েলের
তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান ইহুদিবাদকে (‘জায়ানিজম’ বলে পরিচিত ইহুদিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক আন্দোলন) ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে আখ্যায়িত করেছেন। এদিকে তাঁর এ মন্তব্যের কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও জাতিসংঘ।তুর্কি প্রধানমন্ত্রী গত সপ্তাহে ভিয়েনায় জাতিসংঘের অ্যালায়েন্স অব সিভিলাইজেশন ফোরামে বলেন, ইহুদিবাদ ও ফ্যাসিবাদের মতোই এটিও পরিষ্কার, ইসলামবিদ্বেষ মানবতাবিরোধী এক অপরাধ।এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তাঁর ওই বক্তব্য ‘অজ্ঞতাপূর্ণ ও মিথ্যাচার’। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তুর্কি নেতাদের সঙ্গে তাঁর বৈঠকে ওই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলবেন বলে মনে করা হচ্ছে। গতকাল শুক্রবার এই বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। সিরিয়া সংকট নিয়ে আলোচনার জন্য কেরি বর্তমানে তুরস্কের আঙ্কারায় রয়েছেন।বিশ্লেষকেরা বলেন, ইহুদিবাদকে ফ্যাসিবাদ ও ইসলামবিদ্বেষের সঙ্গে তুলনা করে তুর্কি প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে ইতিমধ্যে ছায়া পড়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র টমি ভিয়েটর বলেন, ‘ইহুদিবাদের বৈশিষ্ট্যকে মানবতাবিরোধী অপরাধ বলে মন্তব্য করাটা আক্রমণাত্মক ও ভুল।’ বিবিসি।