সীমান্তে সিরিয়ার কর্মকাণ্ডের বিরুদ্ধে তুরস্কের হুঁশিয়ারি
তুর্কি বিমান ভূপাতিত করার ঘটনা ‘অগ্রহণযোগ্য’: ন্যাটো
তুরস্কের যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার ঘটনাকে একেবারে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে সামরিক জোট ন্যাটো। ওই ঘটনার জন্য ন্যাটো সিরিয়ার প্রতি নিন্দা জানিয়েছে। গতকাল মঙ্গলবার এক জরুরি বৈঠকের পর ন্যাটো তুরস্কের প্রতি ‘বলিষ্ঠ সমর্থন এবং সংহতি’ প্রকাশ করেছে।অন্যদিকে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়ার সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, কোনো সিরীয় সামরিক ইউনিট তুরস্কের সীমান্ত এলাকায় অগ্রসর হলে সেটাকে হুমকি হিসেবে দেখা হবে এবং সেটাকে সামরিক লক্ষ্যবস্তু বানানো হবে।গত শুক্রবার তুরস্কের ফ্যানটম-৪ নামের একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে সিরিয়া। ঘটনার পর থেকে বিমানটির দুই ক্রু এখনো নিখোঁজ। বিমানটি হারানোর পর তুরস্ক ন্যাটোকে জরুরি বৈঠক করার অনুরোধ জানায়। ওই অনুরোধের পরিপ্রেক্ষিতেই গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ন্যাটোপ্রধান অ্যান্ডারস ফগ রাসমুসেন। রাসমুসেন বলেন, ‘আমরা এ ঘটনাকে অগ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করছি এবং সর্বোচ্চ কঠিন ভাষায় এর বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি। মিত্ররা তুরস্কের প্রতি তাদের বলিষ্ঠ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে।’ তিনি আরও বলেন, সিরিয়ার কর্তৃপক্ষ যে আন্তর্জাতিক নিয়ম, শান্তি ও নিরাপত্তা এবং মানুষের জীবনকে অগ্রাহ্য করে, এটা তার আরেকটি উদাহরণ।২৮ জাতির এ জরুরি বৈঠক এক ঘণ্টার কিছু বেশি স্থায়ী হয়। সিরিয়ার বিরুদ্ধে তুরস্কের অভিযোগ শুনতে বৈঠকে যোগ দিয়েছিলেন সদস্য দেশগুলোর কূটনীতিকেরা। বৈঠক শেষে ওই সংবাদ সম্মেলনে ন্যাটোপ্রধান বলেন, ‘আমরা (সিরিয়ার) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখব।’ ন্যাটোর অবস্থান পরিষ্কার মন্তব্য করে তিনি আরও বলেন, ‘জোটের নিরাপত্তা অবিভাজ্য। বলিষ্ঠ সংহতির মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা একযোগে সবাই তুরস্কের পাশে দাঁড়াব।’ন্যাটোর প্রতিষ্ঠালগ্নে যে চুক্তি সই হয়েছিল, সেই চুক্তির ৪ নম্বর অনুচ্ছেদের আওতায় তুরস্ক এ জরুরি বৈঠকের অনুরোধ করেছিল। ওই অনুচ্ছেদের বলে জোটভুক্ত কারও ভূখণ্ডগত অখণ্ডতা, রাজনৈতিক সার্বভৌমত্ব বা নিরাপত্তা হুমকিতে পড়লে, বিষয়টি নিয়ে আলোচনা করতে সংশ্লিষ্ট সদস্য একটি সভা আয়োজনে ন্যাটোকে অনুরোধ করতে পারে। ১৯৪৯ সালে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ ধরনের বৈঠক অনুষ্ঠানের ঘটনা এটা দ্বিতীয়। এর আগে ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় জোটটির এ ধরনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেটির জন্যও অনুরোধ করেছিল তুরস্কই। অন্যদিকে তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ান গতকাল দেশটির পার্লামেন্টে তাঁর ক্ষমতাসীন দল একে পার্টির সদস্যদের উদ্দেশে এক ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি সীমান্ত এলাকায় সিরিয়ার সামরিক পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। ভাষণে এরদোয়ান বলেন, সিরিয়া কর্তৃক তুর্কি যুদ্ধবিমান ভূপাতিত করার পর তুরস্ক সম্পূর্ণভাবে সঠিক অবস্থান নিয়েছে। আঙ্কারার যৌক্তিক প্রতিক্রিয়াকে তার দুর্বলতা ভেবে নিয়ে ভুল করা যাবে না। এরদোয়ান বলেন, ‘প্রত্যেকেরই জানা উচিত তুরস্কের ভয়ানক ক্রোধ অত্যন্ত বিধ্বংসী।’ ওই ঘটনার পর সীমান্তে সেনাবাহিনীর কার্যক্রমসংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, সিরিয়া থেকে তুরস্কের দিকে কোনো সামরিক ইউনিট অগ্রসর হলে সেটাকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হবে এবং সেটাকে সামরিক লক্ষ্যবস্তু বানানো হবে।বিমান ভূপাতিত করার বিষয়ে দামেস্কের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে তুরস্ক। দামেস্ক বলেছে, বিমানটি সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করায় সেটি গুলি করে ভূপাতিত করা ছাড়া তার বাহিনীর জন্য আর কোনো উপায় ছিল না। তবে তুরস্ক ওই ঘটনাকে ‘আগ্রাসনমূলক কাজ’ আখ্যায়িত করে বলেছে, বিমানটিতে কোনো অস্ত্র ছিল না এবং সেটি আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে উড়ছিল। এএফপি ও রয়টার্স।