প্রচণ্ড তুষারপাতে পুরো ইউরোপের অবস্থা জবুথবু। সেই সঙ্গে তুষারঝড় ‘ডেইজি’র কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের জনপদ। কয়েক দিন ধরেই একটানা তুষারপাত হচ্ছে। এর মধ্যে গত শনিবার রাতের তুষারঝড়ের কারণে উত্তর-মধ্য ও দক্ষিণ ইউরোপের বেশ কিছু দেশের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। গত দুই সপ্তাহের তুষারপাত ও শৈত্যপ্রবাহে এ পর্যন্ত ইউরোপে প্রায় ২০০ লোক মারা গেছে। গত রাতের ঝড়ে লন্ডন, প্যারিস ও জার্মানির ফ্রাঙ্কফুর্টের মতো বড় বড় বিমানবন্দরের অর্ধেকের বেশি বিমানযাত্রা ও অবতরণ বাতিল করা হয়েছে। বেশ কিছু দেশের সড়ক ও রেল যোগাযোগের ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।ঘটেছে বিদ্যুত্ বিভ্রাটের ঘটনাও। তুষারপাত ও ঝড়ের কারণে ইউরোপের বিভিন্ন মহাসড়ক থেকে যাত্রীদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়েছে। কয়েকটি দেশে জরুরি কাজ ছাড়া গাড়ি নিয়ে মহাসড়কে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।জার্মানি, ফ্রান্স, পোল্যান্ডসহ উত্তরের আরও কিছু দেশে এখনো তুষারঝড় অব্যাহত রয়েছে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, গত দুই সপ্তাহে এ ধরনের তুষারপাতের ঘটনা অস্বাভাবিক এবং বিগত ৩০ বছরের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা তুষারপাত।দক্ষিণ ফ্রান্সের শহরগুলোতে প্রবল তুষারপাতের ঘটনায় প্রায় ২০ হাজার পরিবার বিদ্যুতের সংকটে পড়েছে। ওই অঞ্চলের বেশ কিছু বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।স্পেনের দুটি পর্যটন শহরেও প্রবল তুষারপাতের ঘটনা ঘটেছে। ইতালিতে বরফগলা পানিতে বন্যার ঘটনাসহ রোম-সংলগ্ন এলাকাগুলো তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে। স্ক্যানডিনেভিয়ার দেশগুলোর মধ্যে নরওয়েতে সর্বোচ্চ তুষারপাতের ঘটনা ঘটেছে। তবে ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ডে রেকর্ড পরিমাণ বরফ পড়েছে।হিমশীতল আবহাওয়ার কারণে লন্ডনের হাইড পার্কের একটি লেক প্রায় ১৪০ বছরের মধ্যে গত শনিবার প্রথম বন্ধ ঘোষণা করা হয়। যুক্তরাজ্যের খেলাধুলায়ও প্রভাব ফেলেছে শৈত্যপ্রবাহ। সেখানে ইংলিশ প্রিমিয়ার লীগের সাতটি ফুটবল ম্যাচ ও পাঁচটি রাগবি ম্যাচ বাতিল করা হয়েছে।নেদারল্যান্ডে ডাচ্ আবহাওয়া বিভাগ গতকাল সতর্ক করে বলেছে, প্রচণ্ড বাতাসসহ তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি চলে যেতে পারে। অবস্থার অবনিত হয়ে রাস্তায় বরফ পড়তে পারে। যাত্রী আকর্ষণে ডাচ্ ন্যাশনাল রেলওয়ে ‘অফপিক’ ভ্রমণ টিকেটে ৪০ শতাংশ মূল্যহ্রাস ঘোষণা করেছে। প্রচণ্ড বৃষ্টি ও তুষারপাতে ক্রোয়েশিয়া ও প্রতিবেশী বসনিয়ার কিছু অংশ তলিয়ে গেছে।সর্বশেষ সংবাদে আবহাওয়াবিদেরা জানিয়েছেন, ইউরোপের বেশ কয়েকটি দেশে আরও কয়েক দিন তুষারপাত হবে।