তুষারঝড়ে অচল যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড তুষারঝড়ে অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল। এই অঞ্চলের কোনো কোনো স্থান ১২ ইঞ্চি পুরু তুষারে ঢেকে গেছে। বাতিল করা হয়েছে এক হাজার ১০০-এর বেশি বিমান ফ্লাইট। রাস্তাঘাটে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। এই ঝড় এখন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল অভিমুখে ধেয়ে চলেছে।ভয়াবহ এই তুষারঝড় গতকাল বুধবার ওয়াশিংটনে আঘাত হানার কথা। পূর্ব-উপকূলের দিকে ধেয়ে যাওয়ার প্রেক্ষাপটে এটি ওহাইও ভ্যালি ও অ্যাপালানশিয়ান পর্বতমালা এবং মধ্য আটলান্টিক মহাসাগরীয় অঙ্গরাজ্যগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।তুষারঝড়ের কারণে মিনেসোটা, উইসকনসিন ও ইলিনয়ের স্কুলগুলো বন্ধ রয়েছে। অঙ্গরাজ্যগুলোর কর্তৃপক্ষ লোকজনকে সড়কে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে।শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দর ছয় ইঞ্চি তুষারে ঢেকে গেছে। বিমানবন্দরটির ৯০০ ফ্লাইট এবং মিডওয়ে বিমানবন্দরের প্রায় ২৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এটি গত দুই বছরের মধ্যে ওয়াশিংটনে সবচেয়ে বড় তুষারঝড় হিসেবে আঘাত হানতে পারে। তুষারপাতের কারণে ওয়াশিংটনে তিন থেকে আট ইঞ্চি পুরু বরফ পড়তে পারে। নিকটবর্তী পার্বত্য অঞ্চল পশ্চিম মেরিল্যান্ডে ১৬ ইঞ্চি পুরু বরফ পড়ার আশঙ্কা করছেন আবহাওয়া কর্মকর্তারা। বিবিসি ও রয়টার্স।