তুষারঝড়ে কানাডা-যুক্তরাষ্ট্রে জনজীবন অচল, নিহত ১৪
নববর্ষের শুরুতেই প্রচণ্ড তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল ও কানাডার জনজীবন অচল হয়ে পড়েছে। এ পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। বন্ধ রয়েছে শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান।
শীতকালীন এ ঝড়ে বেশি বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলো। ম্যাসাচুসেটসের কোথাও কোথাও ২৪ ইঞ্চি বরফে ঢেকে গেছে। নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফিলাডেলফিয়ায় গত শুক্রবার চারজন মারা গেছেন। নিউইয়র্কের উত্তরে ঠান্ডায় জমে মারা গেছেন ৭১ বছর বয়সী একজন বৃদ্ধা। এ ঝড়ে অন্যান্য স্থানে মারা গেছেন আরও অন্তত নয়জন। যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্য ও কানাডার কিছু অংশজুড়ে চলা এ তুষারঝড়ে সড়ক দুর্ঘটনাসহ নানা বিপর্যয়ের ঘটনা ঘটেছে।
কানাডার কিউবেক অঞ্চলে শুক্রবার তাপমাত্রা নেমে আসে মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাইটে। আগের দিন এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস ২৯ ডিগ্রি ফারেনহাইট। মন্ট্রিলের ৪০০ কিলোমিটার উত্তরে প্যারেন্ট এলাকায় তাপমাত্রা নেমে আসে মাইনাস ৪৭ দশমিক ২ ডিগ্রি ফারেনহাইটে। মানিটোবায় তাপমাত্রা ছিল মাইনাস ৫৮ ডিগ্রি ফারেনহাইট।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ঝড় প্রকট আকার ধারণ করে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, কনকনে হাওয়া নিউইয়র্কের তাপমাত্রা রাতারাতি মাইনাস ১৩ ডিগ্রি ফারেনহাইটে নামিয়ে আনতে পারে।
তুষারঝড়ে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল বরাবর বিভিন্ন বিমানবন্দরের চার হাজার দুই শতাধিক বিমান ফ্লাইট বাতিল করা হয়েছে। আরও কয়েক হাজার ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে।
কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল নিউইয়র্কের ব্যস্ততম জন এফ কেনেডি বিমানবন্দর। শিকাগো, বোস্টন, ফিলাডেলফিয়া ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিমানবন্দরের ফ্লাইটও বাতিল করা হয়।
তীব্র তুষারপাতের কারণে নিউইয়র্ক ও নিউ জার্সির গভর্নররা নিজ নিজ রাজ্যের প্রধান সড়কগুলো বৃহস্পতিবার বন্ধের নির্দেশ দেন। পরে শুক্রবার সকাল থেকে সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে।
ঝড়ের কবলে অঙ্গরাজ্যগুলোর মেট্রোরেল ব্যবস্থা হয় বাতিল অথবা বিলম্ব হয়। স্কুল-কলেজ ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো রয়েছে বন্ধ। এএফপি।