তুষারঝড়ে জবুথবু যুক্তরাষ্ট্র-কানাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আজকের তাপমাত্রা হিমাঙ্কের নিচে আট ডিগ্রি সেলসিয়াস। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আজকের তাপমাত্রা হিমাঙ্কের নিচে আট ডিগ্রি সেলসিয়াস। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকা ও কানাডায় গত বুধবার থেকে শুরু হওয়া তুষারঝড়ে জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়েছে।
দুটি দেশের সড়কগুলোতে তুষারের পুরু আস্তরণ জমে থাকায় যান চলাচল বাধাগ্রস্ত হয়েছে। বাতিল হয়েছে চার হাজার ফ্লাইট। তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১১ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
বর্তমানে কানাডার টরোন্টো শহরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে ২৯ এবং কুইবেক শহরে হিমাঙ্কের নিচে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দশকে এটাই এ অঞ্চলের রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা ও কানাডায় দুই ফুট পর্যন্ত পুরু বরফের স্তূপ জমেছে। নিরাপত্তা ও রাস্তায় জমে থাকা তুষার পরিষ্কারের সুবিধার্থে জন্য এসব এলাকার বাসিন্দাদের বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

নিউইয়র্কের নতুন মেয়র বিল দো ব্লাসিও শহরটির বাসিন্দাদের এই বলে সতর্ক করেছেন, খুব প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে বের হওয়ার প্রয়োজন নেই। নিউইয়র্কে কমিউটার রেল চলাচল সীমিত করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু সড়ক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

কানেটিকাট, ম্যাসাচুসেটস ও নিউ জার্সির জরুরি সরকারি কাজে নিয়োজিত নন এমন কর্মকর্তাদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বোস্টন শহরসহ বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ম্যাসাচুসেটসের অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চল থেকে মেইন অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চল পর্যন্ত উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। বিবিসি অনলাইন।