তুষারঝড়ে বিপর্যস্ত ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুষারঝড়ের কবলে পড়ে ফ্রান্সের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির রাজধানী প্যারিসে গতকাল বুধবার লরি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। প্যারিসের সঙ্গে উত্তর ইউরোপের বিমান যোগাযোগও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্যারিসের অনেক এলাকায় গতকাল ছিল প্রায় পাঁচ সেন্টিমিটার পুরো বরফের আস্তর। এ জন্য কর্তৃপক্ষ গত মঙ্গলবার মধ্যরাত থেকে কাল বুধবার বিকেল পর্যন্ত প্যারিসের রাস্তায় লরি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে। দেশটির সড়ক বিভাগের কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল চার হাজারেরও বেশি ট্রাক রাজধানীর পশ্চিমাঞ্চলে দাঁড় করিয়ে রাখা হয়। বাকিগুলো রাখা হয় প্যারিসের পূর্বাঞ্চলে। প্যারিসের প্রধান বিমানবন্দরের কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, অব্যাহত তুষারঝড়ের কারণে তাদের বিমানের ফ্লাইট শতকরা ৫০ ভাগ বাতিল করা হতে পারে। ফ্রান্সের সরকারি বিমান নিরাপত্তা কর্তৃপক্ষ ডিজিএসি গত মঙ্গলবার এক বিবৃতিতে তাদের শতকরা ৩০ ভাগ বিমানের ফ্লাইট আজ বৃহস্পতিবার সকাল থেকে বাতিল করার নির্দেশ দিয়েছে। এ সংখ্যা ৫০ শতাংশে পৌঁছাতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। প্যারিসের অন্যান্য আন্তর্জাতিক বিমান সংস্থা বলেছে, বৈরী আবহাওয়ার দরুন তাদের ফ্লাইটের সংখ্যাও শতকরা ৫০ ভাগ পর্যন্ত কমানো হতে পারে। বৈরী আবহাওয়ার সঙ্গে যোগ হয়েছে একদল বিমানকর্মীর অব্যাহত ধর্মঘট পালন। এজন্য যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডিজিএসি কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান যোগাযোগ পুনর্গঠন প্রস্তাব নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কর্মীদের মতবিরোধ দেখা দিয়েছে। কর্মীরা গত মঙ্গলবার থেকে শহরের বিভিন্ন স্থানে দুই দিনের ধর্মঘট পালন করছেন। এর ফলে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। জার্মানির চিত্রও ভয়াবহ। দেশটির বিভিন্ন সড়কে গত মঙ্গলবার বরফ জমে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। বেশ কয়েক জায়গায় দুর্ঘটনার খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ যান চলাচলে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে বলেছে, শিগগির এই সংকট না-ও কাটতে পারে। সড়কপথে যানবাহন চলাচলে বিলম্ব হতে পারে। ব্রিটেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, স্পেনসহ ইউরোপের অনেক দেশে তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সূত্র: এএফপি।