তুষারঝড়ে শিকাগোয় ৭০০ ফ্লাইট বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার যুক্তরাষ্ট্রের অন্যতম বড় নগর শিকাগোর ব্যস্ততম দুটি বিমানবন্দরের ৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। শীতকালীন ঝড়ের কারণে ভারী তুষারপাতে বিমান চলাচলে এ বাধার সৃষ্টি হয়। শিকাগোর ও’হেয়ার ও মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে তিনটা পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়। শিকাগোর অ্যাভিয়েশন বিভাগ জানায়, উভয় বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ার খবর পাওয়া গেছে। ও’হেয়ার বিমানবন্দরে ৬০০ ও মিডওয়ে বিমানবন্দরে ১০০ ফ্লাইট বাতিল করা হয়।যুক্তরাষ্ট্রের দুটি বড় বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইনস ও আমেরিকান এয়ারলাইনসের বিমান চলাচলের অন্যতম বড় বন্দর ও’হেয়ার। সাউথওয়েস্ট এয়ারলাইনসের বিমান চলাচলের প্রধান কেন্দ্র মিডওয়ে বিমানবন্দর। যুক্তরাষ্ট্রের শিকাগোয় প্রায় এক কোটি মানুষের বাস। শীতকালীন ঝড়টি যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল থেকে শুক্রবার মধ্যরাতে শিকাগোতে আঘাত হানে। শহরের সড়কগুলো পরিষ্কার করতে ২৮০টি তুষার সরানোর যন্ত্র ব্যবহার করা হয়। পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা তুষারে ঢাকা সড়কে নিয়ন্ত্রণ হারানো বেশ কয়েকজন গাড়িচালককে উদ্ধার করেছেন। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। জাতীয় আবহাওয়া দপ্তরের জরুরি পূর্বাভাসে জানানো হয়, ঝড়টি শিকাগোর ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় ১০ থেকে ১৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। স্থানীয় আবহাওয়াবিদদের মতে, শিকাগোয় ২৩ সেন্টিমিটার পর্যন্ত বরফ পড়তে পারে। এএফপি।