তুষারধসে চাপা পড়েছেন ১০০ পাকিস্তানি সেনা
বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহের কাছে তুষারধসে চাপা পড়েছেন কমপক্ষে ১০০ পাকিস্তানি সেনাসদস্য। গতকাল শনিবার ভোরে গায়ারিতে অবস্থিত পাকিস্তানের ওই সেনাশিবিরে তুষারধসের ঘটনা ঘটে।সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস এএফপিকে জানান, উত্তরাঞ্চলের পদাতিক বাহিনীর (নর্দার্ন লাইট ইনফ্রান্টি এনএলআই) ১০০ জন সেনা ওই শিবিরে ছিলেন। সেখানে একজন কর্নেলও ছিলেন। তাঁরা সবাই তুষারের নিচে চাপা পড়েছে। তিনি আরও জানান, সেনাদের উদ্ধার করতে উদ্ধারকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হেলিকপ্টার ও কুকুর নিয়ে তাঁরা উদ্ধারকাজ চালাচ্ছেন। তবে পাকিস্তানের সরকারি টেলিভিশন জানায়, বৈরী আবহাওয়া ও তীব্র শীতের জন্য উদ্ধারকাজ কঠিন হয়ে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীদের আরও ভারী যন্ত্রপাতির প্রয়োজন। ঘটনাস্থলে চিকিৎসকদের একটি দলও পৌঁছেছে। সিয়াচেন হিমবাহ অঞ্চলের তাপমাত্রা এখন মাইনাস ৭০ ডিগ্রি। এদিকে এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানায়, খুব ভোরে সেনারা যখন ঘুমিয়ে ছিলেন, তখন তুষারধসটি সেনাশিবিরের ওপর আঘাত করে।ভারত সীমান্তের খুব কাছে বিরোধপূর্ণ কাশ্মীরের সাচিয়ান হিমবাহ অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২০ হাজার ৮০০ ফুট উঁচু। ১৯৮৪ সাল থেকে ভারত ও পাকিস্তানের হাজার হাজার সেনা সেখানে মোতায়েন রয়েছেন। বিশেষজ্ঞদের হিসাব অনুসারে, সিয়াচেন হিমবাহ অঞ্চলে ভারতের প্রায় পাঁচ হাজার ও পাকিস্তানের প্রায় আড়াই হাজার সেনাসদস্য রয়েছেন। এ অঞ্চলে যুদ্ধে যত সেনাসদস্য মারা যান, তার চেয়ে বেশি মারা যান বৈরী আবহাওয়া ও তীব্র শীতে। তুষারধস ও ভূমিধসের কারণে এ অঞ্চলের সড়কগুলো প্রায়ই অবরুদ্ধ থাকে। ফলে এসব এলাকা অনেকটা জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। গত ফেব্রুয়ারি মাসে কাশ্মীরে পাহাড়ের কাছে একটি সেনাশিবিরে দুবার তুষারধসের ঘটনা ঘটে। এতে ভারতের ১৬ জন সেনাসদস্য মারা যান।১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে কাশ্মীরের দখল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। দুটি দেশই কাশ্মীরকে নিজেদের অংশ হিসেবে পেতে চায়। এ নিয়ে দুই দেশের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়েছে। ২০০৪ সালে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা হয়। এর পরে গোলাগুলি বন্ধ হয়। তবে সিয়াচেন হিমবাহ নিয়ে দুই দেশ এখনো কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।