তুষারপাতে অচল ইউরোপ আটজনের প্রাণহানি
তীব্র তুষারপাতে ইউরোপের বিভিন্ন দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিরাম তুষারপাত আর হাড় কাঁপানো ঠান্ডায় পোল্যান্ডে কমপক্ষে আটজন মারা গেছে।তুষারপাতের কারণে যুক্তরাজ্য, ফ্রান্স, পোল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালিসহ বিভিন্ন দেশের বিমানবন্দর, সড়কপথ ও নৌপথ বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী। তীব্র শীত ও তুষারপাতের কারণে অনেক দেশের অফিস-আদালত, স্কুল-কলেজ বন্ধ হয়ে গেছে।প্রচণ্ড তুষারপাতে মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দর কার্যত বন্ধ ছিল। বুধবার লন্ডনের গ্যাটউইক, প্যারিসের শার্ল দ্য গল, জার্মানির ফ্রাঙ্কফুর্ট, চেক প্রজাতন্ত্রের প্রাগ বিমানবন্দরের বেশ কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছে।ফিফা বিশ্বকাপের আয়োজনসংক্রান্ত ভোট উপলক্ষে স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগুয়েজ জাপাতেরোর জুরিখ যাওয়ার কথা থাকলেও তুষারপাতের কারণে তাঁর যাত্রা স্থগিত করা হয়।রাশিয়ার রাজধানী মস্কোয় তাপমাত্রা মাইনাস ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। দেশটির কর্মকর্তারা বলছেন, ১৯৩১ সালের ডিসেম্বর মাসে সেখানে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।পোল্যান্ডেও তীব্র তুষারপাত হচ্ছে। সেখানকার তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। দেশটির পুলিশ গৃহহীন লোকদের সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।যুক্তরাজ্যের কয়েক হাজার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। খারাপ আবহাওয়ার মধ্যে কীভাবে পরিবহনব্যবস্থা চালু রাখা যায়, সে ব্যাপারে সরকার জরুরি ভিত্তিতে পর্যালোচনা শুরু করেছে।এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রস্তুতি না থাকা এবং শহর উপকণ্ঠের নিয়মিত যাত্রীদের সঙ্গে যোগাযোগের অভাবে ব্যাপক সমালোচনার মধ্যে পড়ে যুক্তরাজ্য সরকার।যোগাযোগমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, ‘আমাদের আগে এটা নিশ্চিত করা প্রয়োজন যে জনসাধারণের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য যা যা করা সম্ভব, তা আমরা করতে পারছি।’গত বুধবার দাক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের সাসেক্স এলাকার একটি রেলস্টেশনে ট্রেনের মধ্যে সারা রাত কাটাতে হয়েছে কয়েক শ যাত্রীকে।রেবেকা ফর্সে নামের এক যাত্রী বলেন, ‘ব্যাপারটি আমার কাছে দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। তুষারে জমে যাওয়া প্ল্যাটফর্মে একটি ট্রেনের মধ্যে সারা রাত আমাদের অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত ভোর চারটার দিকে আমাদের কিছু খাবার দেওয়া হয়।’পুলিশ এ পরিস্থিতিকে স্মরণকালের মধ্যে ভয়াবহ বলে অভিহিত করেছে। আবহাওয়া দপ্তর যুক্তরাজ্যের পূর্ব ও মধ্যাঞ্চলে তীব্র তুষারপাতের সতর্কতা জারি করেছে। এ ছাড়া আজ শুক্রবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।