তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরফের সাদা চাদরে ঢাকা পড়েছে নিউইয়র্ক, নিউজার্সি, ওয়াশিংটন, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, কানেটিকাট, ম্যাসাচুসেটসসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যগুলো। গত মঙ্গলবার সকাল থেকে অবিরাম তুষারপাত শুরু হয়েছে। দমকা বাতাসের সঙ্গে নেমে আসা তুষারপাতে সড়ক-জনপদ ঢেকে যায়। বিরূপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় তিন হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

অনেক স্থানে সরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। কানেটিকাট ও ভার্জিনিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করে স্থানীয় লোকজনকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ৩০ ডিগ্রি ফারেনহাইট (১৭ ডিগ্রি সেলসিয়াস) কম হওয়ায় এসব অঞ্চলের লাখ লাখ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অবিরাম তুষারপাতে নিত্য জেগে থাকা নিউইয়র্কের রাস্তাঘাট অনেকটাই জনশূন্য। জরুরি কাজ ছাড়া নাগরিকদের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিউইয়র্ক ও নিউজার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জন এফ কেনেডি বিমানবন্দরসহ আশপাশের বিমানবন্দরে এক হাজার ৫০০-এর অধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে হাজার হাজার যাত্রী আটকা পড়েন।

মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত নিউজার্সির মানালাপালান এলাকায় এক ফুটের বেশি তুষার পড়েছে। তুষারপাতের সঙ্গে পাল্লা দিয়ে শীত বাড়ছে। নিউজার্সির টামস রিভার এলাকায় শীতের তীব্রতা হিমাঙ্কের ২০ ডিগ্রি নিচে নেমেছে।

জরুরি অবস্থা ঘোষণা করে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রো কমো নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান। নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি বিশেষ টাস্কফোর্স নিয়োগ করেন।

খারাপ আবহাওয়ার কারণে বার্ষিক ভাষণ স্থগিত করেছেন ম্যাসাচুসেটসের গভর্নর ডেভাল প্যাট্রিক। ডেলাওয়ার ও ম্যারিল্যান্ডের সরকারি প্রতিষ্ঠানগুলোর বন্ধ করা হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে নিউইয়র্ক, নিউজার্সি ও কানেটিকাটের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে ম্যানহাটনে ঝুঁকি নিয়ে কাজ করছেন কোনো কোনো ক্যাবচালক।