
১০ ডিসেম্বর ২০১৬
সকালে ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকাতেই মন ভরে গেল। তুষারপাত হচ্ছে। গাছগুলো যেন নতুন করে শ্বেতশুভ্র অলংকারে সেজেছে। বহুদিন পর এ রকম দৃশ্য দেখছি।
প্রথম বরফ দেখেছিলাম ঠিক ৩০ বছর আগে, সোভিয়েত ইউনিয়নে। পড়াশোনা জন্য গিয়েছিলাম সে দেশে। ডিসেম্বরেরই কোনো একদিন প্রথম বরফ পড়েছিল। এক রুশ বন্ধু বলেছিল, ‘প্রথম বরফ পড়ার দৃশ্য দেখলে কিছু চাইতে হয়। যা চাওয়া হয়, তা পাওয়া যায়।’
চেয়েছিলাম কিছু। পাইনি। তাতে কিছু আসে যায় না। জীবনে নিজের কাছে চাওয়ার দাম অনেক বেশি, পাওয়ার নয়।
হোটেল থেকে বের হয়ে প্রথম নিঃশ্বাসেই শরীর-মনে চাঙা হয়ে উঠলাম। ২০ বছর আগে শেষবারের মতো বরফের কাছাকাছি থাকা! আবার পায়ের নিচে মচমচ বরফ ভাঙার শব্দ। আবার জমাট পিচ্ছিল বরফের দিকে খেয়াল রেখে সতর্ক হাঁটা। আবার কুড়ি বছর আগের জীবনে ফিরে যাওয়া।
ক্রিসমাসের আমেজ
সামনেই ক্রিসমাস। খুব বড় আয়োজন হবে এখানে। ট্রি-সেন্ত্রালিয়নের দোকানপাটও সেজেছে ক্রিসমাসের রঙে। বিক্রি হচ্ছে সান্তা ক্লজের লাল সাদা টুপি। শহরজুড়ে সাজছে ক্রিসমাস ট্রি। আর রাস্তায় কেউ গান গেয়ে উৎসবের জন্য অর্থ সংগ্রহ করছেন। স্লুসেন মেট্রো স্টেশনে সে রকম এক গায়িকার সন্ধান পাওয়া গেল। অসাধারণ কণ্ঠে গেয়ে চলেছেন গান। যে যার মতো তাঁর সামনে রাখা কাপটায় টাকা দিয়ে যাচ্ছে।

গ্যামলা স্তানেও একদল মানুষ কোরাস গাইছে। নারী-পুরুষে গড়া এই দলটিতে তরুণেরা যেমন আছে, তেমনি বর্ষীয়ানেরাও আছেন। সবাই খুব আনন্দ নিয়ে গাইছেন। ক্রিসমাসের আগে আগে সবার মনে উৎসবের আমেজ এসে লাগে। এটা আগেও দেখেছি। কেনাকাটা, ভোজ নানা কিছু দিয়ে রাঙানো এই অনুষ্ঠান। আর প্রার্থনা তো আছেই।
রয়্যাল প্যালেস
গ্যামলা স্তান নামটার মানেই হলো ‘প্রাচীন শহর’। বলে দিতে হয় না এই এলাকার জন্ম হয়েছে অনেক আগে। সরু অথচ পরিচ্ছন্ন ইটের রাস্তা, রাস্তার দুধারে বিশাল সব অট্টালিকা, প্রায় প্রতিটি ভবনের নিচতলাতেই নানা ধরনের দোকান জায়গাটিকে আর সবকিছু থেকে আলাদা করেছে।
এখানেই নোবেল মিউজিয়ামের একটু পেছনে রয়্যাল প্যালেস। বলা হয়ে থাকে, এই প্রাসাদ নির্মাণের সময় থেকেই স্টকহোমের উত্থান। রেনেসাঁর শিল্প ধারণা থেকে উদ্বুদ্ধ হয়ে নির্মাণ করা হয়েছিল প্রাসাদ। সপ্তদশ শতাব্দীতে মনে করা হলো, পুরোনো হয়ে গেছে প্রাসাদ। তাই ১৬৯০ থেকে ১৬৯৭ সাল পর্যন্ত তেসিনা জুনিয়রের নকশায় এখানে যে প্রাসাদ নির্মাণ করা হয়, তা ছিল বারাকো স্টাইলে। এই প্রাসাদটি রাজার বাড়ি এবং সুইডেনের সরকারি কাজ করার জন্য নির্দিষ্ট করা হয়। নতুন তৈরি রাজকীয় ভবনটি ১৬৯৭ সালেই পুড়ে যায়। এরপর যে প্রাসাদটি নির্মাণ করা হয়, সেটিই এখন বর্তমান। এই বিশাল প্রাসাদে রয়েছে ৬০০ ঘর।
রয়্যাল প্যালেসে ঢুকতে লাগল ১৬০ ক্রোনার। এত কিছু দেখার আছে যে তার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। শুধু কয়েকটি বিষয় নিয়েই এখানে কথা বলি। কখনো কখনো রাষ্ট্রীয় অতিথিদের এই প্রাসাদে রাখা হয়। যখন তারা থাকেন, তখন এখানে অলংকরণের চূড়ান্ত করা হয়। বর্তমানে আমরা যখন অতিথির ঘর দেখতে গেলাম, দেখলাম সেটা আসলে ঘর নয়। একটা বিশাল বাড়ির মতো করে রাখা। বিশ্রাম কক্ষ, চা পান কক্ষ, শোয়ার ঘর, বৈঠকখানা। অর্থাৎ একটার পর একটা মোহিনী ঘর দিয়ে জায়গাটা সাজানো।
রাজা-রানিদের পোশাকগুলো দেখার মতো। সেই সঙ্গে অলংকার।

একটি বিশাল ঘরে রাজা-রানির বিয়ের পোশাক। সে ঘরে একটি ভিডিও চলছে। ভিডিওতে দেখা যাচ্ছে রাজপরিবারের বিয়ের অনুষ্ঠান। যে পোশাক পরে রাজা রানি বিয়ে করেছেন, সেগুলো এই ঘরে রয়েছে।
প্রাসাদজুড়েই তৈলচিত্র। বিভিন্ন দশকে রাজপরিবারের বিভিন্ন সদস্যের ছবি দেখানো সংরক্ষণ করা হয়েছে।
দুপুর হয়েছে তখন। আড়াইটার মতো বাজে। কিন্তু বাইরে বের হয়ে দেখি কামানগুলো এরই মধ্যে ঢেকে গেছে তুষারপাতে। অভিভাবকদের সঙ্গে আসা শিশুরা অপলক নেত্রে তাকিয়ে থাকছে কামানের দিকে, তারপর একটু ছুঁয়ে দেখার জন্য এগোচ্ছে সামনে। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকা সেপাই হাঁক দিচ্ছে, ‘এগুলো ধরা নিষেধ।’ অভিভাবকেরা সরিয়ে নিয়ে যাচ্ছেন তাদের সন্তানদের। কিন্তু দারুণ চঞ্চল কিছু শিশু এরই মধ্যে ছুঁয়ে দেখেছে কামান। মূর্তির মতো দাঁড়ানো প্রহরী যখন কথা বলছে, তখন তা দেখতে খুবই মজাদার হচ্ছে। কারণ রাজকীয় দাঁড়িয়ে থাকা আর দারোয়ানের মতো হুংকার এতটাই বৈসাদৃশ্য যে বেচারাকে দেখে মায়াই লাগে।
আজব এক মিছিল
গ্যামলা স্তানের সরু রাস্তা বেয়ে কেবল নোবেল মিউজিয়ামের কাছে এসেছি, এ সময় ভারতীয় উপমহাদেশের বাদ্যযন্ত্রের আওয়াজে কান খাঁড়া হয়ে উঠল। মন্দিরা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। বাকিগুলো কী? ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীর দিনই নোবেল পুরস্কার দেওয়া হয়। আর এ দিন সকাল-সন্ধ্যা নানা আয়োজনে মুখর থাকে নোবেল মিউজিয়াম। বিকেলে স্টকহোম কনসার্ট হলে পুরস্কার দেওয়া হয়। এরপর হয় ভোজসভা। এই ভোজসভা নিয়ে কত কি যে পড়েছি। শত শত পেশাদার বাবুর্চি ভোজ সভার জন্য রান্না করতে আসেন। গুনে গুনে ১৩০০ অতিথির জন্য এ আয়োজন।

নোবেল মিউজিয়ামের কাছাকাছি হতেই ভারতীয় সংগীতের আওয়াজ বাড়তে থাকল। এবং বোঝা গেল, এরা ‘হরে রাম হরে কৃষ্ণ’ গাইতে গাইতে মিউজিয়াম এলাকাটি মাতিয়ে রেখেছে।
বেশ আনন্দ পাচ্ছিল মানুষ। এক জাপানি মেয়ে তো ওদের সঙ্গে তাল মিলিয়ে নাচল। ওরাও বেশ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত মানুষদের নিয়ে নাচতে লাগল। এক বৃদ্ধা মহিলা আমার সামনে এগিয়ে ধরলেন একটা বই। বললেন, ‘সুইডিশ ভাষায় লেখা আছে। কিনে নাও।’
‘সুইডিশ জানি না।’
‘তাহলে ইংরেজিতেও আছে। নাও।’
বললাম, ‘আমি এ বই কিনব না।’
মহিলার চোখে মুখে রাগ নেই। বাদ্যের তালে নাচতে নাচতে বললেন, ‘তুমি হিন্দু?’
‘না।’
‘ভারতীয়?’
‘না। বাংলাদেশি।’
‘বেঁচে থাক তুমি। এসো কিছুক্ষণ নাচি!’
বললাম, ‘আমি বরং আপনার ছবি তুলি। আপনি নাচতে থাকেন।’
ততক্ষণে নাচতে উৎসাহী অনেকেই জুটে গেল সেখানে।

তুষার নিয়ে কয়েক ছত্র
সারা দিন তুষারপাত থামেনি। এরই মধ্যে আমি অ্যাবা মিউজিয়াম আর ভাসা মিউজিয়াম দেখে এলাম।
মিউজিয়ামে ঢোকার টিকিটের দাম খুব বেশি। অ্যাবা মিউজিয়ামে ২৬০ ক্রোনার, ভাসা মিউজিয়ামে ১৩০ ক্রোনার। তবুও টিকিট কিনলাম। শেষ কপর্দক খরচ করে হলেও এখানে যা যা দেখা সম্ভব দেখে আসতে হবে। কারণ এ জীবনে আবার কখনো কি সুইডেনে আসতে পারব? কে জানে। তাই নগদ যা পাও হাত পেতে নাও।
স্লুসেন মেট্রো স্টেশনের কাছে নেমে গিয়েছিলাম। সেখানে একটি থিয়েটার হল দেখে আফসোস হলো। হায়! একবার যদি একটা নাটক দেখতে পারতাম! কিন্তু একটু পরই নোবেল পুরস্কার বিতরণী উৎসব থাকায় সে গুড়ে বালি।
তুষার যতই ঘন হচ্ছে, শিশুদের আনন্দ ততই বেড়ে যাচ্ছে। বরফের বল বানিয়ে ওরা একে অন্যের দিকে ছুড়ে মারছে। চিৎকার করছে। সুইডেনে এসে দেখলাম, এখানে উচ্চ স্বরে কথা বলার একচেটিয়া অধিকার কেবল শিশুদের। কোনো প্রাপ্তবয়স্ক নাগরিককে চিৎকার করে কথা বলতে শুনিনি কখনো। আর যেচে কোনো বিদেশির সঙ্গে কথাও বলতে দেখিনি।
নর্ডিক মিউজিয়ামের পাশে সাত নম্বর ট্রামের জন্য অপেক্ষা করছি। এ সময় বাবা-মায়ের সঙ্গে আসা ছয়-সাত বছর বয়সী একটা মেয়েকে দেখলাম। আমার দিকে তাকিয়ে অদ্ভুত সুন্দর হাসি উপহার দেওয়ার সময়ই লক্ষ করলাম, ওর দুটো দাঁত নেই।
তারপর নিজের বানানো বরফের বলটি আমার হাতে দিয়ে বলল, ‘ক্রিসমাসের শুভেচ্ছা।’
আমি অবাক বিস্ময়ে ওর দিকে তাকিয়ে থাকি। আমার সঙ্গে নিজ থেকে কথা বলা প্রথম সুইডিশ মেয়েটির মাথায় আদর করে হাত বুলিয়ে দিই।
ওদের বাবা-মায়ের দিকে তাকাই। না। সে চোখে বিদ্বেষ বা অস্বস্তি নেই। বরং সন্তানের প্রতি আছে সস্নেহ প্রশ্রয়।
সকালে প্রথম বরফ দেখার সময় যা মনে হয়নি, এখন তা মনে হলো। মনে হলো ‘উইশ’ করি।
মনে মনে বললাম, ‘এই শিশু আর সব শিশু সুখে থাকুক।’