তুষারে ঢাকা পড়েছে বেইজিং
চীনের রাজধানী বেইজিংয়ে গত কয়েক দিন ধরে ব্যাপক তুষারপাত হচ্ছে। তুষারপাত ও তুষারঝড়ে চরমভাবে ব্যাহত হচ্ছে সড়ক ও বিমান যোগাযোগ। বন্ধ হয়ে গেছে অধিকাংশ রাস্তা। বিমানের অনেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হচ্ছে।বেইজিংয়ের কেন্দ্রস্থলের অধিকাংশ রাস্তাঘাট গত শনিবার কয়েক সেন্টিমিটার তুষারে ঢাকা পড়ে। আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করে দেওয়া হচ্ছে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমে মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে এবং তুষারঝড় অব্যাহত থাকতে পারে। এমনকি তাপমাত্রা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে নিচে নামতে পারে। বেইজিং ইয়ুথ ডেইলি সংবাদপত্র জানিয়েছে, রাজধানী বেইজিংয়ে এবার ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি শীত পড়তে পারে।দেশটির বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র তুষারঝড়ের সতর্কতার মাত্রা নীল থেকে বাড়িয়ে হলুদে উন্নীত করেছে।বেইজিংয়ের আবহাওয়া অধিদপ্তরের ব্যুরো প্রধান গুয়ো হু বলেন, হলুদ সংকেতের অর্থ হচ্ছে আগামী ১২ ঘণ্টায় তুষারপাতের মাত্রা আরও বাড়তে পারে।চায়না সেন্ট্রাল টেলিভিশন জানিয়েছে, তুষারপাত ও তুষারঝড়ের কারণে গতকাল রোববার বেইজিং ও তিয়ানজিং বন্দর এবং পার্শ্ববর্তী প্রদেশ হেবাই, শানঝি ও ইনার মঙ্গোলিয়া অঞ্চলের অধিকাংশ রাস্তাঘাট অচল হয়ে পড়ে।বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গত শনিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত ১২০টি উড়োজাহাজের যাত্রা বিলম্বিত এবং ৮৬টির যাত্রা বাতিল করা হয়েছে। বিমানবন্দর থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আরও অনেক উড়োজাহাজের যাত্রা বিলম্বিত বা বাতিল করা হতে পারে। বিবিসি ও জিনিউজ অনলাইন।