তৃণমূল ও বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নির্বাচন কমিশন গতকাল বুধবার লোকসভার নির্বাচনের সময়সূচি ঘোষণার পর সরব হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন। লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৪২টি আসন। গতকালই ৪২ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট।
পশ্চিমবঙ্গে পাঁচ দফায় নির্বাচন হবে। ১৭, ২৪, ৩০ এপ্রিল এবং ৭ ও ১২ মে রাজ্যে ভোট গ্রহণ করা হবে।
তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিকেলে তাঁর কালীঘাটের বাসভবনের সম্মেলন কক্ষে দলের ৪২ প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে রয়েছেন ১১ মহিলা ও সাত মুসলিম প্রার্থী। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—বাঁকুড়ায় টালিউড তারকা সুচিত্রাকন্যা মুনমুন সেন, বীরভূমে শতাব্দী রায়, ঘাটালে দেব, কৃষ্ণনগরে তাপস পাল, মেদিনীপুরে সন্ধ্যা রায়, বালুরঘাটে নাট্যকর্মী অর্পিতা ঘোষ, বহরমপুরে সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন, মালদহ উত্তরে ‘ভূমি’র গায়ক সৌমিত্র রায়, দার্জিলিংয়ে ফুটবলার ভাইচুং ভুটিয়া, হাওড়ায় প্রসূন ব্যানার্জি, প্রমুখ।
অন্যদিকে বিকেলে কলকাতায় সিপিএমের রাজ্য দপ্তরে বামফ্রন্টের ৪২ প্রার্থীর তালিকা ঘোষণা করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এই প্রার্থীদের মধ্যে শরিক ফরোয়ার্ড ব্লকের তিন, সিপিআইয়ের তিন ও আরএসপির চারজন রয়েছেন।
প্রার্থীদের মধ্যে রয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মহম্মদ সেলিম, জঙ্গীপুরে মুজাফফর হোসেন, ব্যারাকপুরে সুভাষিণী আলি, হাওড়ায় শ্রীদীপ ভট্টাচার্য, দমদমে অসীম দাশগুপ্ত, উত্তর কলকাতায় রূপা বাগচি, দক্ষিণ কলকাতায় নন্দিনী মুখোপাধ্যায়, উলবেড়িয়ায় ছবির উদ্দিন মোল্লা, বনগাঁয় দেবেশ রায়, যাদবপুরে সুজন চক্রবর্তী, আসানসোলে বংশ গোপাল চৌধুরী, দুর্গাপুরে শেখ সইদুল হক, মুর্শিদাবাদে মইনুল হাসান, দার্জিলিংয়ে সমর পাঠক, বাঁকুড়ায় বাসুদেব আচারিয়া, ডায়মন্ডহারবারে আবুল হাসনাত খান, জয়নগরে সুভাষ নস্কর, বালুরঘাটে বিশ্বনাথ চৌধুরী, প্রমুখ।